বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান সস্ত্রীক ঈদ করবেন তার জন্মস্থান মাগুরায়। বিয়ের পর এই প্রথম স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে নিয়ে বাড়ি এলেন তিনি। তাই আয়োজনেরও কমতি ছিল না। গতকাল সোমবার সকাল ১১টা ১০ মিনিটে সাকিব স্ত্রীকে নিয়ে হেলিকপ্টারে করে নামেন মাগুরা স্টেডিয়ামে।
হেলিকপ্টার থেকে নামার পর সাকিবের মা শিরিন আকতার ও বাবা মাশরুর রেজা নতুন বউকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এ সময় মাগুরা ক্রিকেট একাডেমির পক্ষ থেকে সাকিব দম্পতিকে সংবর্ধনা দেয়া হয়। এই ক্রিকেট একাডেমির ছাত্র সাকিব আল হাসান আজ বিশ্ব বরেণ্য ক্রিকেটার।
০সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন এবং মাগুরা ক্রিকেট একাডেমির পরিচালক ও সাকিবের প্রথম জীবনের কোচ সাদ্দাম হোসেন গোর্কিসহ ক্রিকেট একাডেমির সদস্যরা উপস্থিত ছিলেন।-বাসস
