মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল, দীঘিরপাড়া ও ঝাওবাড়ীয়া গ্রামে টর্নেডোর আঘাতে আড়াই শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড হয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক লোক। ঝড়ের সময় হূদরোগে আক্রান্ত হয়ে ওবেদ আলী (৬০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। গ্রামের অসংখ্য গাছপালা উপড়ে ভেঙে গেছে। সহস্রাধিক মানুষ খোলা আকাশের নীচে বসবাস করছেন।
জানা গেছে, গত রবিবার দিনগত রাত একটার দিকে দক্ষিণ-পশ্চিম কোণ থেকে টর্নেডো আঘাত হানে চাঁদবিল গ্রামে। ২০/২৫ সেকেন্ডের মধ্যে গ্রামের হালদারপাড়া থেকে শুরু হয়ে মধ্যপাড়ার উপর দিয়ে পশ্চিমপাড়া পর্যন্ত টর্নেডো ধ্বংসলীলা চালায়। বাইতুন নূর জামে মসজিদ ও হালদারপাড়া দুর্গা মন্দিরসহ দুই শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড করে দেয়। ঝড়ে ঘর চাপা ও গাছের ডাল পড়ে অন্তত অর্ধ শতাধিক মানুষ আহত হয়। ঝড়ের তাণ্ডবে ওই গ্রামের বড় বড় আম গাছ, তেঁতুল গাছসহ অসংখ্য গাছ-গাছালি উপড়ে ভেঙে পড়েছে। বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে বিদ্যুত্ বিছিন্ন হয়ে পড়েছে। গতকাল সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার কথা বলেছেন মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন।
