প্লে-অফ খেলার নিয়তি মানছে উরুগুয়ে

আপডেট : ১৪ অক্টোবর ২০১৩, ২১:৪৮
বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় আজ মুখোমুখি হচ্ছে দক্ষিণ আমেরিকার আটটি দল। উরুগুয়ে খেলবে আর্জেন্টিনার বিপক্ষে, পেরু খেলবে বলিভিয়ার বিপক্ষে, চিলি ইকুয়েডরের বিপক্ষে এবং প্যারাগুয়ে খেলবে কলম্বিয়ার বিপক্ষে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের প্রথম চারটি দল সরাসরি ব্রাজিলের টিকিট পাবে এবং পঞ্চম দলকে প্লে-অফ খেলতে হবে। আর্জেন্টিনা এবং কলম্বিয়া আগেই ব্রাজিলের টিকিট নিশ্চিত করেছে। ১৫ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা পয়েন্ট টেবিলের শীর্ষ দল এবং একই সংখ্যক ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে কলম্বিয়া আছে দ্বিতীয় অবস্থানে। আর সমান ২৫ পয়েন্ট নিয়ে ইকুয়েডর এবং চিলির ব্রাজিলের টিকিটও প্রায় নিশ্চিত হয়ে গেছে। পঞ্চম অবস্থানে আছে উরুগুয়ে। আজ উরুগুয়ের মন্টেভিডিওতে আর্জেন্টিনার বিপক্ষে বড়ো জয় তুলে নিতে পারলে স্বাগতিকরা প্লে-অফ এড়াতে পারে। তবে শুধু জিতলেই হবে না, চিলি এবং উকুয়েডরের ম্যাচটির দিকেও তাকিয়ে থাকতে হবে স্বাগতিকদের। ওই ম্যাচটি ড্র হলেও দলদুটি সরাসরি ব্রাজিলের টিকিট পেয়ে যাবে। তবে, চিলি যদি বড়ো ব্যবধানে পরাজিত হয় তাহলেই প্লে-অফ এড়াতে পারবে উরুগুয়ে। অবশ্য উরুগুয়ের অধিনায়ক দিয়াগো লুগানো এতো ‘কিন্তু’র মধ্যে না থেকে প্লে-অফ খেলার প্রস্তুতিই নিচ্ছেন বলে জানিয়েছেন, ‘আমাদের সামনে এখনো সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ আছে। তবে সেটা অনেক বেশি কঠিন। বাস্তবতা হলো, জর্দানের বিপক্ষে আমাদের প্লে-অফ ম্যাচে খেলতে হবে।’ আজকের ম্যাচে অবশ্য লিওনেল মেসি-গঞ্জালো হিগুয়েন বিহীন আর্জেন্টিনা ফেভারিটের তকমা নিয়েই মাঠে নামবে। আগের বিশ্বকাপের প্লে-অফ খেলার টেনে উরুগুয়ের অধিনায়ক বলেন, ‘আবারও আমাদের বাছাই পর্বের দীর্ঘ পথেই যেতে হচ্ছে। কিন্তু, সব থেকে গুরুত্বপূর্ণ হলো যে কোনো ভাবে বিশ্বকাপের মূল আসরে অংশগ্রহণ করা। চার বছর আগেও একই রকম অবস্থার মধ্য দিয়ে আমরা বিশ্বকাপে খেলেছিলাম। সেবার প্লে-অফে আমরা কোস্টারিকাকে হারিয়েছিলাম। এরপর বিশ্বকাপের মূল আসরটিতে আমরা দারুণ খেলেছিলাম। তাই, আমরা যে কোনো ভাবেই ব্রাজিলের টিকিট নিশ্চিত করতে চাই। সেটা কোন সময়ে কিংবা কোন দিনে হলো তা বড়ো ব্যাপার না।’ সেবার কোস্টারিকাকে উরুগুয়ে ২-১ ব্যবধানে পরাজিত করে। অধিনায়কের মতো উরুগুয়ের কোচ অস্কার তাবারেজও প্লে-অফ খেলে বিশ্বকাপে খেলাকে খাটো করে দেখার বিপক্ষে, ‘আমরা মনে করি, প্লে-অফ ম্যাচ খেলে বিশ্বকাপে খেলা খারাপ কিছু না। ২০১০ সালে প্লে-অফ খেলেই আমরা দক্ষিণ আফ্রিকার টিকিট পেয়েছিলাম। সেবার চতুর্থ হয়ে আমরা বিশ্বকাপ শেষ করেছিলাম।’ লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে থাকলে উরুগুয়েকে আগামী মাসে দুই রাউন্ডের প্লে-অফ খেলতে হবে এশিয়া থেকে পঞ্চম হওয়া জর্দানের বিপক্ষে। র্যাকিংয়ে সারা বিশ্বের মধ্যে সপ্তম অবস্থানে আছে উরুগুয়ে এবং ৭৩তম অবস্থানে আছে। এর আগে ২০০২ ও ২০০৬ সালেও প্লে-অফ খেলতে হয়েছিল উরুগুয়েকে। ২০০২ সালে জিতলেও ২০০৬ সালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় তারা।