সাকিব আল হাসানের মাঝারি পারফরম্যান্স এখন আর আলোচনায় আসে না! তাই চট্টগ্রাম টেস্টের ফিফটি আর ২ উইকেট যেন আলোচনা থেকে হারিয়েই গেছে। তবে ব্যাপারটা এড়িয়ে যায়নি আইসিসির র্যাংকিং ব্যবস্থা। তাই সাকিবের এই ধারাবাহিকতা এবং জ্যাক ক্যালিসের ফর্মহীনতা মিলিয়ে টেস্টে নিজের এক নম্বর জায়গাটা আবার ফিরে পেলেন সাকিব আল হাসান।
গত জুলাইয়ে ক্যালিসের কাছেই জায়গা হারানো সাকিব ৩৪৯ পয়েন্ট নিয়ে টেস্ট অলরাউন্ডারদের র্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছেন।
সদ্যই স্ত্রী নিয়ে বাড়িতে দারুণ ঈদের ছুটি কাটিয়ে ফেরা সাকিব এই খবর পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত। কাল অনুশীলন শেষে নিজের আনন্দের কথা, বর্তমান সময়ের কথা বললেন সাকিব আল হাসান—
এবার ঈদটা তো একটু বাড়তি আনন্দে কাটল?
আমার প্রতিবারই ঈদ ভালো কাটে। এবার আলাদা নয়। আর এর আগেও স্ত্রীকে নিয়ে মাগুরা গেছি। এটাও নতুন কিছু না।
আবার টেস্ট র্যাংকিংয়ের এক নম্বরে। অনুভূতি কেমন?
র্যাংকিংয়ের শীর্ষে ওঠা অনুপ্রেরণা যোগাবে অবশ্যই। নিজেকে শীর্ষে দেখলে ভালো লাগে তো অবশ্যই। পরের টেস্টে ভালো করা, আরও বেশি পারফরম করতে অনুপ্রেরণা দেয়।
এই র্যাংকিংয়ের ব্যাপারটা আপনার কাছে কতোটা অর্থ বহন করে?
খুব একটা না। আবার করেও। এসব দেখলে ভালো লাগে। নিজেকে মোটিভেট করা সহজ হয়। লড়াইটা যখন বড় বড় ক্রিকেটারদের সঙ্গে এসব ব্যাপার তো অনুপ্রেরণা যোগায় অবশ্যই। আমার মনে হয় না ক্রিকেটাররা এসব নিয়ে খুব বেশি ভাবে। তবে নিজেকে শীর্ষে দেখলে ভালো সবারই লাগে।
চট্টগ্রাম টেস্টে সোহাগের হ্যাটট্রিক ক্যাচটা অনেক আলোচিত হয়েছে...
ওই ক্যাচটা ধরে দারুণ ভালো লেগেছে। এমন একটা অর্জন (হ্যাটট্রিক) সবসময় হয় না। গাজী ইতিহাস গড়েছে। তো সেটার একটা অংশ হতে পারাটাও দারুণ ব্যাপার।
সোহাগের পারফরম্যান্সটাকে কিভাবে দেখছেন?
এখন আর এক-দুজনের ওপর আমাদের নির্ভর করতে হয় না। দলে অনেক পারফরমার। চার-পাঁচ জন নিয়মিত পারফর্ম করছে, এটা দলের জন্য ভালো।
আপনার ওপর থেকে একটু চাপ কমে যাচ্ছে মনে হচ্ছে?
কখনোই মনে হতো না আমার ওপর চাপ বেশি। পারফরমার এখন বেশি হওয়ায় রিলিফ লাগারও কারণ নেই। সবাই সবসময় নিজের সেরাটা খেলার চেষ্টা করে।
এই বেশি পারফরমার থাকার ইতিবাচক দিক তো আছে
অবশ্যই। একটা দলে চার-পাঁচজন পারফর্ম করলে বাকিদের মধ্যে আলাদা একটা জেদ কাজ করে যে, পরের ম্যাচে আমি অন্যদের চেয়ে ভালো করব। তো পারফরম্যান্সের একটা চ্যালেঞ্জ যে তৈরি হয় সবার মধ্যে, এটা অবশ্যই দারুণ ইতিবাচক বাংলাদেশ ক্রিকেটের জন্য।
বাংলাদেশের সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন?
সিরিজ জয়ের আশা তো আছেই। এখন যেহেতু একটা সুযোগ আছে, কেন আমরা চেষ্টা করব না।
