অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনির কাছে দাবানলে অন্ততপক্ষে ১শ’ বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে একজন মারা গেছেন। দাবানলের কারণে কয়েক হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। নিয়ন্ত্রণহীন দাবানলের কারণে আরও ঘরবাড়ি আগুনের কবলে পড়তে পারে বলে শুক্রবার সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ। অসময়ে নজিরবিহীন উচ্চ তাপমাত্রা ও তীব্র বাতাসের কারণে পূর্ব অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্যের বনাঞ্চলের ১শ’টি এলাকায় দাবানল সৃষ্টি হয়েছে। এগুলোর মধ্যে ৩০টি নিয়ন্ত্রণহীন অবস্থায় আছে বলে জানিয়েছে এনএসডব্লিউ রুরাল ফায়ার সার্ভিস (আরএফএস)।
সিডনির কয়েকটি জনপ্রিয় সৈকতে ছাই ও পোড়া পাতা পড়ার কথা জানায় স্থানীয় কমিউনিটি রেডিওগুলো। সিডনির উত্তর প্রান্তের ব্লু মাউন্টেন ও সেন্ট্রাল কোস্টে জরুরি সতর্কতা জারি করা হয়েছে।
