প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর বেইজিং সফরের ঠিক আগে অরুণাচল প্রদেশের অধিবাসীদের পাসপোর্টে সাধারণ ভিসার পরিবর্তে ‘স্টেপল’ ভিসা দেয়া নিয়ে ভারত-চীন দ্বিপাক্ষিক সম্পর্কে সৃষ্টি হয়েছে নতুন এক জটিলতা। — ডয়চে ভেলে
ভারতের তরফে বলা হয়েছে, ‘স্টেপল’ ভিসা মেনে নেবার প্রশ্নই ওঠে না। কারণ অরুণাচলের অধিবাসীরা ভারতীয়। অন্যদিকে চীনের বক্তব্য, এই সিদ্ধান্ত চীনের ভিসা নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং তা বহাল থাকবে। কারণ অরুণাচলে বসবাসকারীদের ভারতীয় নাগরিক বলে মনেই করে না চীন। চীনের এই পদক্ষেপকে বিশেষ তাত্পর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। ‘স্টেপল’ ভিসার অর্থ অরুণাচল প্রদেশের ওপর ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে আবারো চ্যালেঞ্জ জানানো এবং অরুণাচল প্রদেশের ৯০ হাজার বর্গ কিলোমিটার এলাকার ওপর চীনের আঞ্চলিক দাবি কায়েম করার ইঙ্গিত। ভারতের পাল্টা দাবি, আকসাই চীনের ৩৮ হাজার বর্গ কিলোমিটার এলাকা দখল করে রেখেছে চীন। পাঁচ বছর ধরে অরুণাচলবাসীদের সাধারণ, অর্থাত্ ‘স্ট্যাম্প’ ভিসা দিয়ে এসেছে তারা। এই বৈপরীত্য দিল্লিকে শুধু বিস্মিত নয়, উদ্বিগ্নও করে তুলেছে।
বেইজিং-এ চলছে বিশ্ব যুব তীরন্দাজ চ্যাম্পিয়নশিপ। ভারতীয় তীরন্দাজ দলে ছিলেন অরুণাচলের দু’জন অধিবাসী। তাঁদের দিল্লির চীনা দূতাবাস ‘স্টেপল’ ভিসা দেয়ায় তাঁরা যেতে পারেননি। কারণ, ‘স্টেপল’ ভিসা ভারত স্বীকার করে না।
