লাওসে অভ্যন্তরীণ রুটের একটি বিমান দুর্ঘটনায় বিদেশিসহ কমপক্ষে ৪৯ জন মারা গেছে। বুধবার বিকেলে খারাপ আবহাওয়ার কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মেকং নদীতে পড়ে যায়। নিহত যাত্রীদের মধ্যে লাওসের ছাড়াও ৭ জন ফরাসি, ৬ জন অস্ট্রেলিয়ান, ৪ জন থাইল্যান্ড, চীন ও দক্ষিণ কোরিয়ার নাগরিক রয়েছেন। জানা যায়, বুধবার বিকেলে বিমানটি লাওসের রাজধানী উইয়াংচান থেকে পাকসে বিমানবন্দরের দিকে রওনা হয়। পথে খারাপ আবহাওয়ার কারণে পাবসে থেকে ৮ কিলোমিটার দূরে মেকং নদীতে এটিআর-৭২ বিমানটি মুখ থুবড়ে পড়ে। তবে বিমানটিতে ঠিক কতোজন যাত্রী ছিল তা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। লাওস কর্তৃপক্ষ ফেসবুকে জানিয়েছে, সম্ভবত বিমানটির সব যাত্রী ও ক্রু মারা গেছে। মৃতদেহ উদ্ধরের জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।
থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেক ওয়াননামেথি এএফপিকে বলেন, ‘প্রাপ্ত খবরের ওপর ভিত্তি করে আমি এখন নিশ্চিত করে জানাতে পারি যে বিমানটির আরোহীদের সকলেই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন থাই নাগরিক।’ রাষ্ট্র পরিচালিত লাও এয়ারলাইন্স জানায়, খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে। সংস্থাটি জানায়, এখন পর্যন্ত কোন আরোহীর বেঁচে থাকার খবর পাওয়া যায়নি।
