শরীয়তপুর, ফরিদপুর, মেহেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১৪ জন মারা গেছেন। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
শরীয়তপুর
শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার ডিএম খালিতে গতকাল শুক্রবার বাসের চাপায় জাকির হোসেন মাল (৩০) নামে এক রিকশা চালক মারা গেছেন। সে উপজেলার কাশিমপুর নজু মুন্সী কান্দি গ্রামের কায়েদে আজম মালের পুত্র।
ফরিদপুর
ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর এলাকায় গত বৃহস্পতিবার দুপুরে মোটর সাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ফারুক হোসেন (৩৫) নামে এক পুলিশের উপ-পরিদর্শক মারা গেছেন। এ সময় মোটর সাইকেল আরোহী ফারুকের ভগ্নিপতি আবু তাহের আহত হয়। তিনি ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। ফারুক ঝিনাইদহ জেলায় র্যাব-৬ এ কর্মরত ছিলেন। সে রাজবাড়ী জেলা সদরের মূলঘর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।
মেহেরপুর
মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। মেহেরপুর পৌর কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় সদর উপজেলার বালিরমাঠ গ্রামের জালালের ছেলে বাবু ও বাদিয়াপাড়া গ্রামের মৃত রমজান আলির স্ত্রী নেছারুন নেছা নিহত হন। মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবু আহত হন। হাসপাতালে নেয়ার পথে সে মারা যান। মেহেরপুর-কুষ্টিয়া সড়কের তেরাইল এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় নেছারুন নেছা ঘটনাস্থলে নিহত হন। আহত ২০ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতাল, গাংনী হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
মাগুরা
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় ইকবাল শিকদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সে বালিদিয়া গ্রামের ময়েন শিকদারের ছেলে। মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ইকবাল শিকদারকে পেছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
গোপালদী বাজার (নারায়ণগঞ্জ)
আড়াইহাজারে হোন্ডার ধাক্কায় গত বৃহস্পতিবার সকালে শওকত আলী (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শওকত আলীর বাড়ী নরসিংদীর চৌঘরিয়া এলাকায়। থানার ওসি আখতার মোর্শেদ জানান, শওকত উপজেলা সদরে দুবাইপ্লাজা কেয়ারটেকার হিসেবে কাজ করতো। দুবাইপ্লাজার সামনেই একটি হোন্ডা নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিলে তার মৃত্যু হয়।
ভূঞাপুর (টাঙ্গাইল)
বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজার নিকট বৃহস্পতিবার বিকালে বাস চাপায় আব্দুল জব্বার (৫০) নামে এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। সে ভূঞাপুর উপজেলার চর পাথাইকান্দি গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে। গুরুতর আহত অবস্থায় সেতুর টহল কর্মীরা আব্দুল জব্বারকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
দর্শনা-জীবননগর মহাসড়কের আকুন্দবাড়িয়া গুচ্ছ গ্রামে গত বৃহস্পতিবার বিকালে বাসের চাপায় আবেদা বেগম (৫৫) নামে এক মহিলা নিহত ও ২ জন আহত হয়েছেন। আহতরা হলেন সাহেরা (৩৫) ও আব্দুর রহিম (২৭)। আহতদেরকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়।
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা)
কুমিল্লার চান্দিনায় গত বৃহস্পতিবার সকালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আবুল কাশেম (৩০) নামে এক দোকান কর্মচারী নিহত ও ১৪ জন আহত হয়েছেন। নিহত আবুল কাশেম চান্দিনার ছয়ঘরিয়া গ্রামের আইজ উদ্দিনের ছেলে। আহতরা হচ্ছেন, চান্দিনার ছয়ঘরিয়া গ্রামের আনোয়ার হোসেন, খলিল, মোস্তফা, ফারুক, আনিছ, সবুজ, জলিল, নূরীতলা গ্রামের খোরশেদ মেম্বার ও চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার বসুপাড়া গ্রামের আলী মুর্তজার ছেলে নাজমুল সাকিব ও তার ভাগিনা একই উপজেলার শিমুলতলী গ্রামের আবু তাহের এর ছেলে সফিকুল ইসলাম, রামগঞ্জ উপজেলার কালা মিয়ার ছেলে ফয়েজ উল্লাহ, সনিয়া বেগম। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে’। আহতদের মধ্যে আনোয়ার হোসেনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নাঙ্গলকোট (কুমিল্লা)
নাঙ্গলকোটের হাসানপুরের তেজের বাজার এলাকায় গত বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সাথে গরুর চামড়া বোঝাই মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের ড্রাইভার মোঃ মমিন (২০) নিহত ও তিন আহত হয়েছেন। আহতরা হলেন, চামড়া ব্যবসায়ী আবদুল মালেক (৪৫), আবদুল করিম (৩২), হেলাল (৩০)।
দাউদকান্দি (কুমিল্লা)
দাউদকান্দি উপজেলার রায়পুরে গতকাল শুক্রবার একটি প্রাইভেটকারের চাপায় আব্দুল মজিদ নামে এক ব্যক্তি নিহত হন। প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে মজিদকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়।
এদিকে গত বৃহস্পতিবার আমিরাবাদে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে এক অজ্ঞাত মহিলা মারা যায়।
লালমোহন (ভোলা)
লালমোহনে গতকাল শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন মোঃ খলিল (৩৮) ও আব্দুল মমিন (২৮)। জানা গেছে, তজুমদ্দিন বাজারের শশিগঞ্জ এলাকার মৃত আঃ মোতালেবের পুত্র সিলেট কেন্টিনের মালিক মোঃ খলিল ও আড়ালিয়া এলাকার আবুল হোসেনের পুত্র আব্দুল মমিন মোটরসাইকেলযোগে চরফ্যাশন রওয়ানা হয়। লালমোহন পৌরসভার উত্তর গেটে পঞ্চায়েত বাড়ির সামনে যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
