কিশোরগঞ্জে ২ জনসহ বিভিন্ন স্থানে ৯ খুন

আপডেট : ১৮ অক্টোবর ২০১৩, ২১:৩০
কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ৯ জন খুন হয়েছেন। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। কিশোরগঞ্জ কিশোরগঞ্জের হাওর এলাকায় গত বৃহস্পতিবার পৃথক তিনটি সংঘর্ষে কামাল (৩২) নামে একজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল ও হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়। মিঠামইন উপজেলার বড়গোপ জলমহালের ইজারা নিয়ে অষ্টগ্রাম উপজেলার কদমচাল গ্রামের মুসলিম ও জামাল গ্রুপের লোকদের মধ্যে সংঘর্ষে কদমচাল পূর্বপাড়া গ্রামের ফজলু মিয়ার ছেলে কামাল (৩২) বল্লমের আঘাতে নিহত হন। অন্যদিকে একই দিন নৌকা ভাড়া নিয়ে সংঘর্ষে অষ্টগ্রামের দেওঘর ও কাগজিগ্রাম এবং ওসমানপুর ও মনোহরপুর গ্রামবাসীর মধ্যে পৃথক সংঘর্ষে মহিলাসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। এদিকে তাড়াইলের দাউদপুর ও নোওগাঁ গ্রামের মাঝামাঝি একটি খালের ব্রিজের নিচ থেকে গতকাল শুক্রবার সাইফুল ইসলাম (২২) নামে একজনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। সে উপজেলার সেকান্দরনগর-দরগাপাড়া গ্রামের মো. রাজু মিয়ার পুত্র। এ ব্যাপারে তাড়াইল থানায় মামলা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গত বৃহস্পতিবার টাকা ধার চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে হাবিবুর রহমান (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জে শিশুসহ দু’জন খুন হয়েছে। নিহতরা হচ্ছে শিবগঞ্জ উপজেলার চকনরেন্দ্রপুর গ্রামের দিলীপ কুমারের ছেলে নয়ন কুমার (৩০) ও সদর উপজেলার মিয়াপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আমিনুর রহমানের ছেলে রিফাত (৯)। গত বৃহস্পতিবার সকালে সদর উপজেলার পলশা এলাকায় মহানন্দা নদী থেকে নয়নের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। অপরদিকে একই দিন বিকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হাজীপাড়া এলাকায় মহানন্দা নদী থেকে রিফাতের অ্যাসিডে ঝলসানো লাশ উদ্ধার করা হয়। রিফাতকে তার চাচাতো ভাই শরিফুল ইসলামের ছেলে সজিব আল শামস (১৮) বাড়ি থেকে ডেকে এনে কয়েকজন মিলে হত্যা করে মহানন্দা নদীতে ভাসিয়ে দেয় বলে ওসি বজলুর রশিদ জানান। তিনি আরো জানান, নয়ন হত্যাকাণ্ডের ঘটনায় ৮ জনকে এবং রিফাত হত্যা মামলায় সজিবকে গ্রেফতার করেছে পুলিশ। ফকিরহাট (বাগেরহাট) বাগেরহাটের রামপালে পারিবারিক কলহের জের ধরে গতকাল শুক্রবার ভোরে বটি দিয়ে জবাই করে স্বামী সিরাজুল ইসলামকে (৪২) গলা কেটে হত্যা করেছে স্ত্রী হালিমা। এ ঘটনার পর সে আত্মহত্যার চেষ্টা করে। হালিমাকে মুমূর্ষু অবস্থায় রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আত্রাই (নওগাঁ) নওগাঁর আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল শুক্রবার প্রতিপক্ষের মারধরে খোরশেদের পুত্র মজনু (২৮) নামে এক যুবক নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন আব্দুল মজিদ (৩০), আক্কেলের পুত্র সাগর (২৭) ও গাগর (২৫)। আহতদের আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভেড়ামারা (কুষ্টিয়া) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পল্লীতে আমেনা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় স্বামী গিয়াস উদ্দিনকে পুলিশ আটক করেছে। এ ব্যাপারে ভেড়ামারা থানায় ১টি হত্যা মামলা হয়েছে। গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ গত বৃহস্পতিবার সকালে নিখোঁজ হওয়ার ৩ দিন পর কান কাটা, গলায় ও কোমরে দড়ি বাঁধা অবস্থায় মাধাই নামের এক যুবকের লাশ পুকুর থেকে উদ্ধার করে। আলীগাঁও গ্রামের কর্নধর চন্দ্রের পুত্র মাধাই (৩০) গত সোমবার সন্ধ্যায় প্রতিমা বিসর্জন দেয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।