ভাঙ্গনের কবলে সাঘাটা আশ্রয়ণ প্রকল্প

আপডেট : ১৮ অক্টোবর ২০১৩, ২১:৩২
গাইবান্ধার সাঘাটা উপজেলার পাতিলবাড়ি নতুন জেগে উঠা চরে আশ্রয়ন প্রকল্পের নির্মিত ব্যারাক ঘর নির্মাণের ৬ মাস যেতে না যেতে যমুনা নদীর ভাঙ্গন কবলে পড়েছে। ইতিমধ্যে ৭০টি পরিবারের জন্য নির্মিত ১৪টি ব্যারাকের মধ্যে ২টি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া ৮টি ব্যারাক ভাঙ্গন কবলিত। যে কোন মুহূর্তে সেগুলো নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। লোকালয় থেকে ২ কিলোমিটার দূরে যমুনা নদীতে জেগে উঠা পাতিলবাড়ি চরে ৭০টি পরিবারের জন্য আশ্রয়ন প্রকল্পের ব্যারাক ঘর নির্মিত হয়। প্রকল্পের আওতায় নতুন জেগে উঠা চরে বালু মাটিতে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ করায় বৃষ্টিতে ঘরের চারপাশের বালু মাটি ধুয়ে গেছে। এছাড়া একেবারে নদী সংলগ্ন ঘরগুলো নির্মাণ করায় অব্যাহত ভাঙ্গনে গোটা ব্যারাকটি এখন ভাঙ্গন কবলিত। আশ্রয়ন প্রকল্পের আশেপাশে কোন গ্রাম না থাকায় কাজকর্ম করতে না পেরে মানবেতর জীবন-যাপন করছে। এদিকে নদী ভাঙনের চরগুলোতে নতুন করে ৯টি আশ্রয়ন প্রকল্পের প্রস্তাব পাস হয়েছে বলেও জানা গেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায় জানান, নদী ভাঙ্গন প্রতিরোধের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে।