ফরিদগঞ্জের নদী ও খালে অবাধে চলছে পোনা নিধন

আপডেট : ১৮ অক্টোবর ২০১৩, ২১:৩২
উপজেলার সর্বত্র ডাকাতিয়া নদী ও খালগুলোতে পোনা মাছসহ সব ধরনের দেশীয় প্রজাতির ডিমওয়ালা মাছ নিধন অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট মত্স্য দপ্তর কোন উদ্যোগ না নেয়ায় নির্বিচারে জেলেরা প্রতিদিন পোনা মাছ নিধন করছে। প্রতিবছর সরকার জেলে পরিবারগুলোর কথা চিন্তা করে ডাকাতিয়া নদীর ফরিদগঞ্জ অংশে হাজার হাজর বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করলেও মত্স্য দপ্তরের অবহেলার দরুন জেলেদের দ্বারাই পোনা নিধন চলছে। ফলে মাছশূন্য হওয়ার উপক্রম হয়েছে ডাকাতিয়া নদী ও খাল-বিলগুলোতে অবমুক্ত করা সকালের পোনা মাছগুলো বিকেলেই নিষিদ্ধ কারেন্ট জাল টেনে ধরে নিয়ে গেলেও নিধনকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। পোনা মাছ নিধনে কারেন্ট জাল, বেয়াল জাল, টানা কারেন্ট জাল ও বেয়াল জাল ও পাতা জাল ব্যবহার হচ্ছে। ফলে দেশি প্রজাতির শিং, কৈ, মাগুর, পাবদা মেনি,টেংরা, পুঁটি, বোয়াল, শোল, ছোট চিংড়ি, কাইক্কা, সরপুঁটিসহ বহু প্রজাতির মাছ বিলুপ্তির পথে। পোনা নিধনকারীদের কাছে জানতে চাইলে তারা জানায়, আমরা নদীতে জাল ফেলে সব ধরনের মাছ ধরে থাকি। বাছবিচার করার সুযোগ নেই।