ছাগলনাইয়ায় জামায়াত সন্দেহে গ্রেফতার ২০

আপডেট : ১৮ অক্টোবর ২০১৩, ২১:৩৩
ছাগলনাইয়া উপজেলার নতুন মুহুরীগঞ্জ বাজারের বন্ধন কমিউনিটি সেন্টার থেকে গত বৃহস্পতিবার দুপুরে জামায়াত-শিবির সন্দেহে বন্ধন সমবায় সমিতির ২০ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছেন, মো. ফারুক (৩৬), মিজানুর রহমান (৩৩), মো. ইয়াহিয়া (৫৮), ডা. আবুল কাশেম (৪৩), নুরুল হুদা (৪৫), এমরান হোসেন (৩৬), মো. মুছা (৩০), নাজিমুদ্দৌলা (৩৫), মাহমুদুল হক (৫০), মোস্তফা কামাল (৩৫), শফিকুর রহমান (৪০), আমিন শরীফ (৪২), আনোয়ার হোসেন (৪৮), দেলোয়ার হোসেন (৫৩), আবদুর রউফ (৬০), শাখাওয়াত হোসেন (২২), সাইফুল ইসলাম (৩৫), মোমিনুল হক (৫০), এসহাক (৫৫)। জানা যায়, সকালে বন্ধন সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা-সমিতি পরিচালিত বন্ধন কমিউনিটি সেন্টারে শুরু হয়। দুপুর ১২টায় ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মাহবুবের নেতৃত্বে পুলিশের একটি দল সভাস্থলে গিয়ে কমিউনিটি সেন্টারের ম্যানেজারসহ উপস্থিত ২০ জন সমিতির সদস্যকে আটক করে। ২ ঘণ্টা আটক রাখার পর দুপুর ২টায় ছাগলনাইয়া থানা ও ফেনী থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে আটককৃত সমিতির সদস্যদেরকে ফেনী নিয়ে যায়। এসআই মাহবুব জানান, জামায়াত-শিবিরের গোপন বৈঠক চলছে এমন সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে যায়। ছাগলনাইয়া থানার ইন্সপেক্টর তদন্ত দেলোয়ার হোসেন জানান, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আজিজুল হক বলেন, পুলিশের ধারণা সত্য নহে। এখানে সমিতির বার্ষিক সাধারণ সভা হচ্ছিল এবং আমাকেও দাওয়াত দেয়া হয়েছিল।