ফার্মের মুরগি থেকে সালমোনেলা ইনফেকশন

আপডেট : ১৮ অক্টোবর ২০১৩, ২১:৪১
ফার্মের মুরগির মাংস খেয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের বহু লোক সালমোনেলা নামক এক ধরনের ব্যাকটেরিয়া আক্রান্ত হচ্ছে। টাইফয়েড, প্যারাটাইফয়েড, পেটের পীড়া সংক্রমণের ক্ষমতাধর এই তীব্র ধরনের ব্যাকটেরিয়া অত্যন্ত বিপজ্জনক। এ ধরনের সালমোনেলা সংক্রমিত চিকেন আহার করে শুধু অনেকে অসুস্থ হয়েছেন তাই নয়, বহুলোককে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়েছে। আর সবচেয়ে উদ্বেগজনক তথ্য হচ্ছে, সালমোনেলা ব্যাকটেরিয়া থেকে ইনফেকটেড রোগীদের অনেকের চিকিত্সা বেশ কঠিন হয়ে পড়েছে বলে বিশেষজ্ঞগণ জানিয়েছেন। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি)-এর মুখপাত্র বারবারা রেনল্ডস উল্লেখ করেছেন গত জুলাই থেকে এ পর্যন্ত অন্তত ১৮টি রাজ্যের ৩ শতাধিক লোক ফার্মের চিকেন আহার করে অসুস্থ হন। এদের অন্তত ৪২ ভাগকে হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়ে। রেনল্ডস আরও উল্লেখ করেন যে, সবচেয়ে অসুবিধা হচ্ছে এসব সালমোনেলা ব্যাকটেরিয়ার চিকিত্সায় বেশিরভাগ ক্ষেত্রে বহুল ব্যবহূত এন্টিবায়োটিকসও কাজে আসছে না। এদিকে, যুক্তরাষ্ট্রের ইউএসডিএ র-চিকেন প্রডাক্টস আহারের ক্ষেত্রে পাবলিক হেলথ অ্যালার্ট জারি করেছে। সংস্থাটির ফুড সেফটি এন্ড ইনসপেকশন সার্ভিস এখনও পর্যন্ত নিশ্চিত হতে পারেননি কোন চিকেন প্রডাক্টস থেকে এই সালমোনেলা ইনফেকশন হচ্ছে। তবে যে চিকেন থেকে সালমোনেলা ইনফেকশন হচ্ছে, তা প্রধানত ক্যালিফোর্নিয়া, অরিজন এবং ওয়াশিংটনে সরবরাহ করা হয় বলে বিশেষজ্ঞগণ নিশ্চিত হয়েছেন। সিডিসি ও এফডিএ বলেছে, তাদের বিশেষজ্ঞগণ সালমোনেলা ইনফেকশনের উত্স খুঁজে বের করার চেষ্টা করছে। বিশেষজ্ঞগণ র-চিকেন আহার না করার পরামর্শ দিয়েছেন। বিশেষজ্ঞগণ বলছেন, পোলট্রি প্রডাক্টস যদি ১৬৫ ডিগ্রী তাপমাত্রায় রান্না করা হয় তাহলে সালমোনেলা ইনফেকশনের ঝুঁকি নেই। সালমোনেলা ইনফেকশনের প্রধান লক্ষণ হচ্ছে, ডায়রিয়া, তীব্র পেটে ব্যথা ও জ্বর। জ্বর, মাথা ব্যথা, বমি বমি ভাব ও বমি এক সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। উল্লেখ্য, বাংলাদেশেও অনেক নামি-দামি ফার্স্টফুড র-চিকেন প্রডাক্টস ব্যবহার করে। এসবের গুণগত মানও পরীক্ষার প্রয়োজন। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ