‘বিরোধী দলের সঙ্গে আলোচনার দরজা সবসময়ই খোলা’

আপডেট : ১৮ অক্টোবর ২০১৩, ২১:৪১
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনকালীন সরকার নিয়ে কোন প্রস্তাব থাকলে সংসদে এসে তা উত্থাপনের জন্য বিরোধী দলের প্রতি আবারো আহ্বান জানিয়ে বলেছেন, আসন্ন নির্বাচন ও বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিসহ যে কোন ইস্যু নিয়ে বিরোধী দলের সঙ্গে সংসদে আলোচনার জন্য প্রস্তুত রয়েছি। আমাদের আলোচনার দরজা সবসময়ই খোলা। সংসদে এসে প্রপোজাল বা মুলতবি প্রস্তাব দিলে আলোচনা হবে। আমরা অবশ্যই তাদের যে কোন প্রস্তাব বিবেচনা করবো। আগামী ২৪ অক্টোবরের পর দেশের শান্তি বিনষ্ট করার জন্য কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা রুখে দিতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি। বুধবার গণভবনে ঈদুল আজহা উপলক্ষে দলীয় নেতা-কর্মী এবং সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপি নেতারা আগামী ২৫ অক্টোবর চূড়ান্ত আন্দোলনের যে হুমকি দিয়েছেন তা ‘খামোখা’ বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, এখানে উত্তেজনা সৃষ্টির কোন সুযোগ নেই। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন দশম জাতীয় সংসদের তফসিল ঘোষণার আগ পর্যন্ত জাতীয় সংসদ বহাল থাকবে। প্রধানমন্ত্রী বলেন, প্রকাশ্যে দিবালোকে দা, কুড়াল, চাকু এবং বোমা নিয়ে বিরোধী দলীয় নেতা-কর্মীদের প্রস্তুত হওয়ার জন্য যে আহ্বান জানানো হয়েছে তা জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক। এদিন প্রথমে মন্ত্রিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী, চিকিত্সক, প্রকৌশলী, সাংবাদিক, লেখক, ব্যবসায়ী নেতা, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং কর্মচারীসহ সর্বস্তরের মানুষ গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পরে প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের বিচারক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, তিন বাহিনী প্রধানগণ ও বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রী অতিথিদের মিষ্টান্ন, সেমাই, ফলমূল ও কেক দিয়ে আপ্যায়ন করেন। একইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল, ফল, মিষ্টি ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর পক্ষে তার সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, প্রটোকল অফিসার শেখ আখতার হোসেন ও সহকারী প্রেস সচিব এম নুর এলাহী মিনা মোহাম্মদপুরে মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী হস্তান্তর করেন।