শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন

আপডেট : ১৮ অক্টোবর ২০১৩, ২১:৪১
বৌদ্ধ সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উত্সব শুভ প্রবারণা পূর্ণিমা গতকাল শুক্রবার উদযাপিত হয়েছে। এদিন সারাদেশে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, মঙ্গলসূত্র পাঠ, বুদ্ধ পূজা, ত্রিপিটক পাঠ, আলোচনা সভা, প্রদীপ পূজা, আলোকসজ্জা, বুদ্ধোপাসনা, ফানুস উড্ডয়ন ও বুদ্ধ কীর্তনসহ নানা কর্মসূচির আয়োজন ছিল। দিনটি উপলক্ষে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করে। এর মধ্যে ছিল সকালে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, মঙ্গলসূত্র পাঠ, বুদ্ধ পূজা, পঞ্চশীল ও অষ্টাঙ্গ উপসথ শীল গ্রহণ, মহাসংসদান, ভিক্ষুসংঘকে প্লিদান, অতিথি আপ্যায়ন, বিকালে ত্রিপিটক পাঠ, আলোচনা সভা, সন্ধ্যায় প্রদীপ পূজা, আলোকসজ্জা, বিশ্বশান্তি কামনায় সম্মিলিত বুদ্ধোপাসনা, ফানুস উড্ডয়ন এবং বুদ্ধ কীর্তন। এছাড়া বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উদ্যোগে রাজধানীর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারেও দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।