বখাটে যুবকের নির্যাতন-নিপীড়ন সইতে না পেরে আত্মহননের পথ বেঁচে নিলেন রাজধানীর নিউ মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী শাহনাজ পারভীন বিপাশা। ঈদের আগের দিন মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের টিনশেড স্টাফ কোয়ার্টার থেকে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠায় পুলিশ। শাহবাগ থানা সূত্রে জানা গেছে, বখাটে যুবকের হাত থেকে বাঁচতে বিপাশার পরিবারের পক্ষ থেকে শাহবাগ থানায় জিডিও করা হয়েছিল। এই ঘটনায় বিপাশার বাবা সালেহউদ্দিন শাহবাগ থানায় আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে একটি মামলা করেছেন। আসামি করা হয়েছে গিয়াসউদ্দিন নামে এক বখাটে যুবককে। গতকাল পর্যন্ত ঐ যুবককে পুলিশ গ্রেফতার করতে পারেনি।
বিপাশার পারিবারিক সূত্র জানায়, কলেজে আসা-যাওয়ার সময় মগবাজারে গিয়াসের সাথে বিপাশার পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু বিপাশা বখাটে ও বেকার যুবক গিয়াসের পরিচয় জানার পর তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এরপর গত ৮ সেপ্টেম্বর গিয়াস বিপাশাকে ফুঁসলিয়ে মগবাজারের একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হওয়ার পর গিয়াসউদ্দিন বিপাশার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়। এই ঘটনায় বিপাশার মা শাহবাগ থানায় জিডি করেন। গত সপ্তাহে গিয়াসউদ্দিনের পক্ষ থেকে বিপাশাকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়া হয়। কিন্তু রাজি হয়নি বিপাশা। তারপরও ক্রমাগত চাপ সহ্য করতে না পেরে মঙ্গলবার ভোরে আত্মহত্যা করেন বিপাশা।
শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, মামলার প্রধান আসামি গিয়াসকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
