আবদুন নূর সজল ও নাদিয়া নদী। ছোটপর্দার দুজন জনপ্রিয় মুখ। এই দুই তারকাকে এবার জুটি হিসেবে দেখা যাবে ঈদের নাটকে। ‘ঝগড়া চলছে’ শিরোনামে ৬ পর্বের ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তারা।
শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাজমুল রনি। নাটকটি প্রচারিত হবে ঈদের প্রথম দিন থেকে ঈদের ৬ষ্ঠ দিন পর্যন্ত রাত ৯.৩০ মিনিটে এস এ টিভির ঈদ অনুষ্ঠানমালায়। নাটকটিতে আরো অভিনয় করেছেন শামীম হাসান সরকার, তাসনুভা তিশা, পীরজাদা হারুন, অনুভব মাহবুব, আহসান কবির, অনন্যা, কৃত্তিকা সহ আরো অনেকে। নাটকটি প্রযোজনা করেছেন নাদিমুল ইসলাম ও মো: মেহরাফ খান জিয়ান।
আরো পড়ুন: প্রাথমিকের শিক্ষকদের কমপক্ষে ১ বছরের জন্য দুর্গম এলাকায় পদায়নের সুপারিশ
নাটকের গল্পে দেখা যাবে- সাহস ও তমাল দুজন এক বাসায় থাকে তাদের মধ্যে বড় ভাই ছোট ভাই সম্পর্ক। সাহস হচ্ছে ঝগড়াটে স্বভাবের একটা ছেলে। তার এই ঝগড়ার কারণে এ পর্যন্ত ছ’বার ছ’জন মেয়ের সঙ্গে ব্রেকাপ হয়েছে। তমাল তাকে ফিলোসফার হিসেবে মানে। সে বলে, আমরা সবসময় শুনি, গার্লফ্রেন্ড প্যারা দেয়। কিন্তু তোকে কখনো গার্লফ্রেন্ড প্যারা দেয় এমন বলতে শুনি নাই। উল্টো তোর সাবেক গার্লফ্রেন্ডদের বলতে শুনেছি, তোর মতো প্যারা তাদেরকে কেউ দেয়নি।

নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
এ ধরণের কথায় সাহস খুব গর্ববোধ করে। তার মতে, এটাই হচ্ছে আসল পুরুষের ধর্ম। আজকালকার পুরুষরা ভালোবাসার নামে তাদের পৌরষত্বকে অকাতরে বিলিয়ে দিয়ে নিজেদের ভেজা বিড়াল বানিয়ে ফেলছে। সে এর ঘোর বিরোধী। তার ঝগড়ার এত সুনাম যে, অনেক সময় অনেকে তাকে ভাড়া করে নিয়ে যায়, ঝগড়া করার জন্যে। এরকমই একটা ঝগড়া করার প্রস্তাব পায় সে। তমালের কাজিন হচ্ছে অনুলি। অনুলি এক বিচিত্র ঝামেলায় পড়েছে। সেই ঝামেলা সমাধান করতে গিয়ে আরেক ঝামেলার সৃষ্টি হয়। এ ভাবেই কমেডি ঘরোয়ানার নাটকের গল্পটি এগিয়ে যাবে।
ইত্তেফাক/জেডএইচ
