বিশ্বব্যাপী প্রযুক্তি পণ্যের যতগুলো প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে থাকে, তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়ে থাকে কনজ্যুমার ইলেকট্রনিক শো (সিইএস) নিয়ে। বছরের শুরুতেই অনুষ্ঠিত এই প্রদর্শনীতে যেসব প্রযুক্তি পণ্য প্রদর্শিত হয়, সেগুলোই মূলত রাজত্ব করে বছর জুড়ে। জনপ্রিয় এই প্রদর্শনীতেই নজর থাকে প্রযুক্তি বিশ্বের সকলের। ২০১২ সালেই এই প্রযুক্তি প্রদর্শনী থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় মাইক্রোসফট। তাদের উদ্ভাবিত পণ্যগুলো রোডম্যাপ সিইএস-এর সময়ের সাথে সঙ্গতিপূর্ণ নয় বলেই তারা গত দুই বছরে সিইএস-এ অংশ নেয়নি। তবে এই প্রদর্শনীতে ফিরতে যাচ্ছে এই টেক জায়ান্ট। ইতোমধ্যেই আসছে সিইএস-এর জন্য তারা মিটিং রুমের বুকিং দিয়ে দিয়েছে। উইন্ডোজ ৮ কিংবা সারফেস দিয়ে বাজারে খুব বেশি সুবিধা না করতে পারা মাইক্রোসফট আবারও এই প্রদর্শনীতে অংশ নিয়েই প্রযুক্তি বিশ্বের নজর কাড়তে চায় বলেই ধারণা প্রযুক্তি বিশ্লেষকদের। বিশেষ করে নকিয়াকে কিনে নেওয়ার পরে নানা ধরনের চমক নিয়ে তারা হাজির হতে পারে বলে ধারণা তাদের। মাইক্রোসফটের পক্ষ থেকে অবশ্য এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
