অনলাইন রিটেইলার অ্যামাজন এর আগে কিন্ডল রিডার দিয়েই প্রবেশ করেছে হার্ডওয়্যারের বাজারে। এরপর তারা কিন্ডল ফায়ার ট্যাবলেট পিসি দিয়েও বাজার মাত করেছে। কিন্ডলের সাফল্যে এর দ্বিতীয় সংস্করণও এনেছে তারা। আর এর আগেই তাদের স্মার্টফোন বাজারে আসার গুজব শোনা গেছে। এই গুজবে নতুন সংযোজন, তাদের তৈরি স্মার্টফোনটি হবে ত্রিমাত্রিক। সম্প্রতি এমনই এক খবর প্রকাশ করেছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ। ওয়াল স্ট্রিট জার্নালেও ঠিক একই ধরনের খবর প্রকাশ পেয়েছে। টেকক্রাঞ্চ জানিয়েছে, দুইটি ভিন্ন ভিন্ন সংস্করণে বাজারে আসবে অ্যামাজনের স্মার্টফোন। এর মধ্যে একটি হবে তুলনামূলক কম দামের অ্যান্ড্রয়েড ফোন। আর দ্বিতীয়টি হবে হাই-এন্ডের থ্রিডি ফোন। দ্বিতীয়টির ইউজার ইন্টারফেসও হবে অনন্য। টেকক্রাঞ্চ সূত্রে জানা যায়, দ্বিতীয় ফোনটির ডিসপ্লে ত্রিমাত্রিক না হলেও এতে থাকবে চারটি ক্যামেরা। এই ক্যামেরাগুলোই ব্যবহারকারীর চোখের এবং মাথার গতিবিধি পর্যবেক্ষণ করে ত্রিমাত্রিক ভাব এনে দেবে ডিসপ্লেতে।
