পুলিশি বাধায় মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচন পণ্ড

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ২১:১২
মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচন শুরু হওয়ার আগ মুহূর্তে পুলিশি বাধার কারণে বাতিল ঘোষণা করা হয়েছে দেশটির সাধারণ নির্বাচন। গতকাল শনিবার এ নির্বাচনে ভোট গ্রহণের কথা ছিল। কিন্তু ভোট গ্রহণের কিছুক্ষণ আগে পুলিশ এ নির্বাচনকে অবৈধ ঘোষণা করে। এ ঘটনার পরপরই নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, এ অবস্থায় নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব নয়। নির্বাচন কমিশনের প্রেসিডেন্ট ফুয়াদ তৌফিক এক সংবাদ সম্মেলনে বলেন, বর্তমান পরিস্থিতির কারণে নির্বাচন আপাতত বাতিল ঘোষণা করা হল এবং আগামী তিন সপ্তাহ বা ২১ দিনের মধ্যে আমরা পরবর্তী দিন ধার্য করবো। কেননা আমাদের আবার নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে এ সময়ের প্রয়োজন হবে। তিনি বলেন,সবকিছু ঠিকঠাক মতোই চলছিল। কিন্তু পুলিশি বাধার কারণে আমরা বাধ্য হয়েছি এ নির্বাচন স্থগিত ঘোষণা করার জন্য। ভোটার তালিকার বিষয়ে আপত্তি জানিয়ে প্রেসিডেন্ট নির্বাচনের দু’জন প্রার্থী ভোট গ্রহণ পেছানোর দাবি জানিয়েছিলেন। এ কারণেই এ নির্বাচন বাতিল ঘোষণা করা হল। গত সপ্তাহে নির্বাচনে অনিয়মের অভিযোগে সেপ্টেম্বরে অনুষ্ঠিত প্রথম পর্বের নির্বাচন বাতিল করে দেশটির সর্বোচ্চ আদালত। ওই নির্বাচনে প্রধান বিরোধীদলীয় নেতা মোহাম্মদ নাশিদ ৪৫ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহেদ মাত্র ৫ শতাংশ ভোট পেয়েছিলেন। নির্বাচনে এই ভরাডুবির পর নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন প্রেসিডেন্ট ওয়াহেদ। বর্তমানে দু’জন প্রার্থী নাশিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন গাসিম ইব্রাহিম ও আবদুল্লাহ ইয়ামিন। এরা দু’জনেই ভোটার তালিকার ব্যাপারে আপত্তি জানিয়েছেন। ২০০৮ সালে মালদ্বীপের প্রথম অবাধ নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ নাশিদ। কিন্তু ২০১২ সালে সহিংস বিক্ষোভ ও জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের বিদ্রোহের মুখে পদত্যাগ করেন তিনি।