পদ্মায় আনন্দ ভ্রমণের যাত্রীসহ নৌকা ডুবি

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ২১:৩৯
হার্ডিঞ্জ ব্রিজ ও লালনশাহ সেতুর নিচে পদ্মা নদীতে ঈদের আনন্দ ও পূর্ণিমা উপভোগ করতে আসা ২৫-৩০ জন যাত্রীসহ একটি নৌকা ডুবে গেছে। শনিবার দুপুর পর্যন্ত শিশুসহ ১২ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। ভেড়ামারা থানা, ঈশ্বরদী থানা পুলিশ, দমকল বাহিনী ও প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধারকৃতদের মধ্যে পাবনার আটঘরিয়া উপজেলার কবির হোসেনের ছেলে জিল্লুর রহমানকে (২৫) ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্থানান্তর করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া নৌকার মাঝি কুষ্টিয়ার ভেড়ামারা এলাকার লিটনকে উদ্ধার করে পাকশী পুলিশ ফাঁড়িতে পুলিশী হেফাজতে রাখা হয়েছে। রাত আটটার দিকে পদ্মা থেকে হিয়া (৮) ও সোনালী (১০) নামের দুই শিশুকে উদ্ধার করা হলেও তাদের দুজনের বাবা আব্দুল হাকিম ও আব্দুর রউফকে এখনো খুঁজে পাওয়া যায়নি। ঈশ্বরদীর ভাড়ইমারি এলাকার রনি (১২) নামক এক শিশুকেও উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। ভেড়ামারা মডেল থানার ওসি রবিউল ইসলাম জানান, বিভিন্ন স্থান থেকে আসা পদ্মায় ঈদের আনন্দ ও পূর্ণিমা উপভোগ করতে আসা শিশুসহ ২৫ থেকে ৩০ জন নারী-পুরুষ একটি নৌকায় আনন্দ ভ্রমণে বের হয়। নদীর লালনশাহ সেতু ও হার্ডিঞ্জ ব্রিজের মাঝামাঝি স্থানে এলে একটি ডুবোচরে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়। এ ঘটনায় যাত্রীদের মধ্যে সাঁতরিয়ে ও স্থানীয়দের সহায়তায় বিভিন্নভাবে শিশুসহ ১৫ জনকে উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ রয়েছে শিশুসহ ১২ জন। নিখোঁজদের উদ্ধার তত্পরতা চলছে।