জগন্নাথপুর উপজেলার প্রভাকরপুর গ্রামে ঈদের আগেরদিন স্থানীয় একটি পত্রিকার সংবাদদাতা হাবিবুর রহমান হাবিবকে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষরা লোহার রড দিয়ে আঘাত করে পা ভেঙ্গে দিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে পুলিশ মামলার অভিযুক্ত আসামি রফিজ মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে।
প্রভাকরপুর এলাকার বাসিন্দা সংবাদকর্মী হাবিবুর রহমান হাবিবের চাচাতো ভাই মুজিবুর রহমানের সাথে একই গ্রামের মাসুক মিয়া চৌধুরীর গ্রামের একটি খালে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এর জের ধরে ঘটনার দিন দু’-পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এ ঘটনায় এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে অভিযোগ তুললেও সংবাদকর্মী হাবিবুর রহমান অভিযোগ করেন সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময় প্রতিপক্ষ মাসুক মিয়ার সন্ত্রাসী বাহিনী তাকে রড দিয়ে আঘাত করে ডান পা ভেঙ্গে ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
