নীলফামারীর ডিমলা ও পঞ্চগড়ের দেবীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চারজন মারা গেছেন। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
ডিমলা (নীলফামারী)
ডিমলার কেয়ার বাজার এলাকায় গত শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় হাসনা বানু (২৫) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। ঠাকুরগঞ্জ থেকে সৈয়দপুরগামী যাত্রীবাহী বাস ও মোটর সাইকেল ধাক্কা লেগে বাস উল্টে গিয়ে পাশের পুকুরে পড়ে অর্ধ-শতাধিক যাত্রী আহত হন। মোটর সাইকেল আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন। দীর্ঘ ৪ ঘণ্টা চেষ্টার পর আহত হেলপারকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে দমকল বাহিনী। আহতরা হলেন: সাবেক এমপি অ্যাডভোকেট এন কে আলম চৌধুরীর পুত্র লুত্ফুল আলম চৌধুরী শুভ (৩৫), পুত্রবধূ সুমি আক্তার (৩০), পূর্ব ছাতনাই ইউপি সদস্য ছানোয়ার হোসেন (৪২), মোটর সাইকেলের চালক মিজানুর রহমানসহ (৩৩) অর্ধ-শতাধিক। আহতদেরকে রংপুর হাসপাতাল, নীলফামারী সদর হাসপাতাল ও ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়।
দেবীগঞ্জ (পঞ্চগড়)
দেবীগঞ্জ উপজেলার লক্ষ্মীরহাট চৌরাস্তায় গত শুক্রবার সন্ধ্যায় মোটর সাইকেলের ধাক্কায় হারুন-উর রশিদ (৩০) নামে এক সাইকেল আরোহী নিহত হন। সাইকেল আরোহী ঘটনার দিন বাড়ি থেকে লক্ষ্মীরহাটে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলে মারা যান।
মিঠাপুকুর (রংপুর)
মিঠাপুকুরে গত শুক্রবার বিকালে সড়ক দুর্ঘটনায় আইয়ুব আলী (৪২) নামে এক কাঁচামাল ব্যবসায়ী মারা গেছেন। জানা যায়, রংপুর কাঁচামালের আড়ত্ থেকে মোটর সাইকেলে বাড়ি ফেরার পথে রংপুর ধর্মদাস তেল পাম্পের সামনে পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে সে গুরুতর আহত হন। পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে উপজেলার আফজালপুর গ্রামের মৃত বাচ্চা মিয়ার ছেলে।
বিরামপুর (দিনাজপুর)
বিরামপুর দক্ষিণ রেলগেটে শনিবার চলন্ত ট্রেন থেকে পড়ে এক অজ্ঞাত পরিচয় (১৮) যুবকের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সৈয়দপুর থেকে খুলনাগামী রূপসা আন্তঃনগর ট্রেন থেকে ঐ যুবক লাইনের পাশে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুপুরে পার্বতীপুর জিআরপির পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের পরনে জিন্সের ফুলপ্যান্ট ও লাল রঙের শার্ট ছিল।
