বাগেরহাট ও ভান্ডারিয়াসহ দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ছয়জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
বাগেরহাট
বাগেরহাটের রামপাল উপজেলার গিলাতলা গ্রামে গত শুক্রবার দুপুরে পানিতে ডুবে জোহরা বিনতে জুলফিকার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়। জোহরা রামপাল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. জুলফিকার আলীর ছোট মেয়ে। পরে তাকে অচেতন অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
ভান্ডারিয়া (পিরোজপুর)
ভান্ডারিয়া উপজেলার বড়মিয়ার বাড়ি মাদ্রাসা সংলগ্ন পোনা নদীতে বাবার সঙ্গে গোসল করতে গিয়ে গত শুক্রবার দুপুরে পানিতে ডুবে শাহআলম মল্লিক (২৫) নামে একজনের মৃত্যু হয়। নিহতের বাবা তুজাম্বর মল্লিক জানান, জন্মের পরে এ প্রথম তার ছেলে ঈদ উপলক্ষে ঢাকা থেকে নিজ বাড়ি ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামে বেড়াতে আসে। স্থানীয় ডুবুরীরা প্রায় ৪ ঘন্টা পরে নদীর তলদেশ থেকে তার লাশ উদ্ধার করে।
কোটালীপাড়া (গোপালগঞ্জ)
গোপালগঞ্জের কোটালীপাড়ায় গত শনিবার সকালে বিদ্যুত্স্পৃষ্টে জাকির শেখ (৩৭) নামে এক মাদ্রাসা পিয়নের মৃত্যু হয়। নিহত জাকির শেখ কুশলা গ্রামের সাদের আলী শেখের ছেলে ও কুশলা নেছারিয়া ফাজিল মাদ্রাসার পিয়ন। ঘটনার দিন সকালে নিজ বাড়ির বাথরুমে বৈদ্যুতিক মটর লাগাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। পরে পরিবারের লোকজন উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
কুলিয়ারচর উপজেলার দ্বাড়িয়াকান্দি গ্রামে গত শুক্রবার রাতে হবি মিয়ার মেয়ে শ্রাবণী (১০) নামে এক শিশু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার কারণ জানা যায়নি।
উলিপুর (কুড়িগ্রাম)
উলিপুর পৌর শহরের কাচারীপাড়ায় গত শুক্রবার বিকালে পুকুরে ডুবে রবীন কর্মকারের মেয়ে সাথী কর্মকার কথা (৪) নামে শিশুর মৃত্যু হয়।
চারঘাট (রাজশাহী)
চারঘাট উপজেলা সদরে গতকাল শনিবার গলায় ফাঁস লাগিয়ে আব্দুল বাকিদের ছেলে রিপন (২৫) নামে একজন আত্মহত্যা করে। জানা যায়, জনৈক ব্যক্তির ৪০ হাজার টাকা পাওনা পরিশোধে ব্যর্থ হয়ে সে আত্মহত্যার পথ বেছে নেয়। এ ব্যাপারে চারঘাট মডেল থানায় একটি ইউডি মামলা হয়েছে।
