রূপগঞ্জ পল্লী বিদ্যুত্ অফিসে দালাল চক্রের উত্পাত

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ২১:৪৩
নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতির রূপগঞ্জ উপজেলার সাওঘাট পল্লী বিদ্যুত্ জোনাল অফিসে দালাল চক্রের কাছে জিম্মি হয়ে পড়েছে গ্রাহকরা। অফিসের ওয়ারিং পরিদর্শক আশরাফুল ইসলামের ছত্রচ্ছায়ায় অফিসের বিলিং সুপারভাইজার থেকে শুরু করে পিয়নও গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। আরইবির চেয়ারম্যান বি গেডিয়ার জেনারেল মঈন উদ্দিনের নাম ভাঙিয়ে ফজলুল হক চৌধুরী ২০ থেকে ৩০ হাজার টাকা চুক্তির মাধ্যমে দ্রুত আবাসিক সংযোগ দেয়া হচ্ছে। সে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে সমিতির কর্মকর্তা, কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন করেও কাজ সম্পন্ন করিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। এছাড়া আরইবি অফিসের পিয়ন ও টাইপিস্ট চারিতাল্লুক গ্রামের মোফাজ্জল হোসেন, তার সহযোগী একই এলাকার ইদ্রিস আলী, পাড়াগাঁও গ্রামের মৃত রহমালী মেম্বারের ছেলে মজিবুর রহমান, কাঞ্চন পৌর এলাকার জাহিদুল ইসলাম রনি, মোহাম্মদ হোসেন, বিলিং সুপারভাইজার ফাতেমা তুজ জোহরা, ইলেক্ট্রিশিয়ান সাতগ্রামের বেলায়েত, হাটাব এলাকার নাজমুল ইসলাম, হোরগাঁও এলাকার কবির হোসেন নতুন আবাসিক গ্রাহকদের জিম্মি করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। অভিযুক্ত আশরাফুল ইসলামকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। সাওঘাট পল্লী বিদ্যুত্ অফিসের ডিজিএম সোলায়মান মিয়া জানান, এখানে নতুন এসেছি। এসব অনিয়মের বিষয়টি আমার জানা নেই।