উপজেলায় থেকে ৩ শতাধিক ব্যক্তির ২০ লক্ষাধিক টাকা নিয়ে সমাজ উন্নয়ন সংস্থা (এসএসডিও) নামে একটি কোম্পানি উধাও হয়েছে। জানা যায়, গত ২ বছর পূর্বে শিবরাম গ্রামের মৃত খোকা মাস্টারের পুত্র ঈদু মিয়া শিবরাম সমাজ উন্নয়ন সংস্থা (এসএসডিও) নামে এনজিও খুলে। সঞ্চিত অর্থের ২ বছরে দ্বিগুণ লাভ প্রদানের কথা বলে সংস্থাটি সদস্য সংগ্রহ শুরু করে।
এ প্রলোভনে এলাকার সাধারণ নিরীহ মানুষ ১২৫ টাকা ভর্তি ফি জমা দিয়ে সদস্য হয়। সংস্থাটির পরিচালক ঈদু মিয়া ৩ শতাধিক সদস্যের নিকট থেকে প্রতি সপ্তাহে ১শ’ থেকে ১৫০ টাকা হারে সঞ্চয় সংগ্রহ করে। এতে প্রতিজনের সঞ্চয় পর্যায়ক্রমে ২ হাজার ৪শ’ থেকে ১৫/১৬ হাজার টাকা পর্যন্ত জমা হয়। মোট সঞ্চিত অর্থের পরিমাণ প্রায় ২০ লক্ষাধিক টাকা। সদস্যরা তাদের সঞ্চিত অর্থ লাভসহ ফেরত চাইলে পরিচালক ঈদু মিয়া তালবাহনা শুরু করেন। গত শুক্রবার রাতে তিনি অফিসে তালা ঝুলিয়ে গাঁ ঢাকা দেন।
সমিতির কহিনুর, শুভ খন্দকার, মুন্নি খন্দকারসহ অর্ধশত সদস্য জানান, তারা সঞ্চিত অর্থ ফেরতের আশায় এখন দ্বারে দ্বারে ঘুরছেন। স্থানীয় চেয়ারম্যান জানান, তিনি বিষয়টি খতিয়ে দেখছেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সংস্থার পরিচালক ঈদু মিয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি সদুত্তোর দিতে পারেনি এবং কোথায় আছেন তাও জানাননি।
