চাটখিলের ৯টি ইউনিয়নের জন্য এলজিএসপি-২ এর ১২৭টি প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এসব দুর্নীতি ও অনিয়ম তদন্তে আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জানা গেছে চাটখিলের ৯ ইউনিয়নের জন্য ৯০ লাখ ৬৫ হাজার ৭৯০ টাকা বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে সাহাপুর ইউনিয়নে ১৪টি, রামনারায়ণপুর ইউনিয়নে ১৪টি, পরকোট ইউনিয়নে ১০টি, বদলকোট ইউনিয়নে ১৬টি, মোহাম্মদপুর ইউনিয়নে ১৮টি, পাঁচগাঁও ইউনিয়নে ১৪টি, হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নে ৯টি, নোয়াখলা ইউনিয়নে ১৬টি এবং খিলপাড়া ইউনিয়নে ১৬টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্পের টাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উত্তোলন করে নিয়ে গেছেন। অথচ ২/৩ টি ইউনিয়নে ৪০ থেকে ৫০ ভাগ কাজ হয়েছে। আবার কোন ইউনিয়নে মোটেই কাজ হয়নি। অথচ প্রকল্পসমূহের কাজ হওয়ায় ভুয়া মাস্টাররোল দাখিল করেছেন চেয়ারম্যান।
