প্রধানমন্ত্রীর প্রস্তাব নীল নকশা ছাড়া কিছুই নয়

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ২১:৪৮
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই বলেছেন, জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণে সংকট সমাধানের কোন বার্তা ছিল না। উল্টো দেশের চলমান রাজনৈতিক সংকট আরো বাড়বে। শনিবার তিনি এক বিবৃতিতে এ কথা বলেন। পীরসাহেব চরমোনাই বলেন, দেশবাসীর প্রত্যাশা ছিল প্রধানমন্ত্রী জনআকাঙ্ক্ষাকে যথাযথভাবে মূল্যায়ন করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা দিবেন। কিন্তু আওয়ামী নেতৃত্বাধীন সর্বদলীয় মন্ত্রিসভা গঠনের যে প্রস্তাব তিনি দিয়েছেন তা নতুন নীল নকশা ছাড়া আর কিছু নয়। এ অবস্থায় ২৫ অক্টোবর নিয়ে জনমনে সৃষ্ট শংকা আরও বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, ২৫ অক্টোবরের পর দেশে সহিংসতা ছড়িয়ে পড়লে এর দায়ভার সরকার ও আওয়ামী লীগকেই বহন করতে হবে। পীরসাহেব চরমোনাই বলেন, দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন দেশের জনগণ মানবে না। ইসলামী আন্দোলন এ ধরনের নির্বাচনের চেষ্টা প্রতিরোধে কঠোর আন্দোলনে রাজপথে থাকবে। সরকারের পদক্ষেপ পর্যবেক্ষণ করে প্রয়োজনে শীঘ্রই কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।