শচিনকে চায় ভারতের ক্রীড়া মন্ত্রণালয়

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ২২:২৭
ভারতীয় ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারকে উপদেষ্টা হিসেবে পেতে চায় সেদেশের ক্রীড়া মন্ত্রণালয়। ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষণা দেয়া শচিন অবসর জীবনে কি করবেন তা নিয়ে এখনো কিছু জানাননি। তবে ইতোমধ্যেই ভারতের ক্রীড়া মন্ত্রণালয় তাকে নিয়ে পরিকল্পনা শুরু করেছে। উচ্চ ক্ষমতাসম্পন্ন গভর্নমেন্ট কাউন্সিলের সদস্য হিসাবে টেন্ডুলকারকে পেতে চায় ক্রীড়া মন্ত্রণালয়। এই কাউন্সিল সরকারের নীতি পর্যালোচনা এবং অনুমোদন করবে। প্রধানমন্ত্রী মনোমোহন সিংয়ের উপদেষ্টা স্যাম পিত্রোদা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্ব, বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তা, সরকারি ক্রীড়া উন্নয়ন বোর্ড, কর্পোরেট কর্মকর্তা, বিচারপতি এবং সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হবে এ কমিটি। দুই মাস আগে মন্ত্রণালয় এ ধরনের একটি কমিটি গঠনের চিন্তা-ভাবনা শুরু করে। ক্রীড়া মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের নেতৃত্বাধীন এ কমিটির সদস্য হিসাবে টেন্ডুলকার এবং ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাড়ুকোনকে ক্রীড়া ব্যক্তিত্ব হিসাবে পছন্দ করেছে ক্রীড়া মন্ত্রণালয়। - বাসস