বাংলদেশ ও ভারতের বাণিজ্য বাড়াতে উভয় দেশের শুল্ক সংক্রান্ত বিভিন্ন প্রতিবন্ধকতা কমানোর লক্ষ্যে আজ সোমবার থেকে ঢাকায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী শুল্ক কর্মকর্তা পর্যায়ের যৌথ বৈঠক (জয়েন্ট গ্রুপ অব কাস্টম মিটিং)। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশের পক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর চেয়ারম্যান) গোলাম হোসেনের নেতৃত্বে ২৩ জন ও ভারতের রাজস্ব সচিব সুমিত বোসের নেতৃত্বে ৯ জন শুল্ক কর্মকর্তা উপস্থিত থাকার কথা রয়েছে। এনবিআর সূত্র জানিয়েছে, বৈঠকের আলোচ্যসূচি ইতিমধ্যে উভয় দেশ চূড়ান্ত করেছে।
সুত্র জানায়, দুই দিনব্যাপী এই বৈঠকে উভয় দেশের শুল্ক স্টেশনের অবকাঠামো উন্নত করা, ভারতের বাজারে বাংলাদেশী পণ্যের কাউন্টার ভেইলিং ডিউটি প্রত্যাহার, বাংলাদেশী পণ্যের মান সদন ভারতে গ্রহণ না করা, উভয় দেশের শুল্ক স্টেশনে কার পাস সুবিধা (এক দেশের গাড়ি অন্য দেশে মালামালসহ প্রবেশ করে লোড-আনলোড করা) নিশ্চিত করা, বন্দরকে অটোমেশনের আওতায় আনা, উভয় দেশের স্টেশনে কার্য সময়ের মধ্যে সমন্বয় নিশ্চিত করা, উভয় দেশের শুল্ক সম্পর্কিত তথ্যাদি আদান-প্রদান করার মত ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর বাইরেও আরো কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনার টেবিলে উঠবে বলে এনবিআর সূত্র জানিয়েছে। এর আগে গত বছর ভারতের দিল্লিতে এ বিষয়ে একটি বৈঠক হয়েছিল। ওই বৈঠকের সফলতা-ব্যর্থতা নিয়েও আলোচনা হবে।
