ঢাকা-রাজশাহী রেলপথে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি ও আসন বরাদ্দের দাবিতে এলাকাবাসী শনিবার রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন সিল্কসিটি অবরোধ করে রাখে। পরে র্যাব ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দাবিসমূহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। এর আগে একই দাবিতে স্টেশনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে উল্লাপাড়া উপজেলার মোহনপুর, বড়পাঙ্গাসী, উধুনিয়া, কয়ড়া, পূর্ণিমাগাতী, দুর্গনগর ও পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ও পাচপুঙ্গলী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করে। এ সময় বক্তব্য রাখেন- আতাব আলী, আবুল কালাম আজাদ, আবুল কালাম মক্কা, শাহাদত্ হোসেন, পল্লব কুমার প্রমুখ।
