সড়ক দুর্ঘটনায় বিভিন্ন স্থানে নয়জন নিহত

আপডেট : ২০ অক্টোবর ২০১৩, ২১:৩৬
লক্ষ্মীপুর, দিনাজপুরসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নয়জন মারা গেছেন। —খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। লক্ষ্মীপুর লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরী এলাকায় গত শনিবার দুপুরে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহতরা হলেন, অটোরিকশা চালক ছুট্টু (২৫) ও যাত্রী ওমর ফারুক (২৬)। আহতরা হলেন, কুলছুম বেগম (২৫), নুর জাহান (৩০), মনির হোসেন (২৮) ও আলমগীর হোসেন (২৭)। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, ভোলা-বরিশাল থেকে ছেড়ে আসা তোহা পরিবহন নামের যাত্রীবাহী একটি বাস লক্ষ্মীপুর আসার পথে বিসিক শিল্পনগরী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। দিনাজপুর খুলনা থেকে পার্বতীপুরগামী রকেট ট্রেন আসার পথে বিরামপুর রেলঘুন্টিতে গত শনিবার একজন অজ্ঞাত পরিচয় যুবক ট্রেনের নিচে লাফ দিলে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত যুবকের লাশ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট জিআরপি থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে। কালিয়াকৈর (গাজীপুর) উপজেলার উত্তর দাঁড়িয়াপুরে গতকাল রবিবার দুপুরে একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মো. আলম হোসেন (৩৫) নামে একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সে উপজেলার উত্তর দাড়িয়াপুর গ্রামের মো. হাছান আলীর ছেলে। দাউদকান্দি (কুমিল্লা) দাউদকান্দি উপজেলার রায়পুর বাসস্ট্যান্ডের কাছে গত শনিবার দুপুরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বাবা নূরে আলম (৫২) ও ছেলে ওমর ফারুক নিহত এবং স্ত্রী, দুই কন্যা আহত হয়েছেন। আহতরা হলেন স্ত্রী নাছিমা বেগম ও দুই মেয়ে মাহমুদা এবং সুমাইয়া। আহতদেরকে গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, ঢাকার শান্তিনগরের ব্যবসায়ী নূরে আলম পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়ি ফেনির ছাগলনাইয়ার নুরপুর গ্রাম থেকে ঈদ উদযাপন করে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম (কুমিল্লা) কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল রবিবার দুপুরে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস চাপায় হাসান (১৩) নামে এক শিশু নিহত হয়েছে। সে নোয়াপাড়া গ্রামের গোলাম হোসেনের ছেলে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াপাড়ার জেএমআই ফার্মার সামনে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে হাসান ঘটনাস্থলেই মারা যায়। হাইওয়ে পুলিশ বাসটি আটক করেছে। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) রাঙ্গুনিয়ার গোচরা চৌমুহনী এলাকায় গত শনিবার রাতে কাপ্তাই অভিমুখী একটি নোয়া মাইক্রো গাড়ির চাপায় মোহাম্মদ হারুন (৪২) নামে একজন সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছে। জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় একটি মাইক্রোবাস হঠাত্ সড়কের পাশে পার্কিংরত অটোরিকশার ওপর উঠে গেলে হারুন গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। বিক্ষুব্ধ জনতা মাইক্রোটি আটক করে চালককে মারধর করে। রাঙ্গুনিয়া থানার পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে মাইক্রো চালক এরশাদ মাহমুদকে নিয়ে আসেন। নিহত অটোরিকশা চালকের বাড়ি উপজেলার সৈয়দনগর গ্রামে এবং সে জেবর মুল্লুকের ছেলে। রানীনগর (নওগাঁ) নওগাঁর রানীনগর রেলগেটে গত শনিবার রাতে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হামিদুল হক (৫৫) নামে ডিসি অফিসের এক পিয়নের মৃত্যু হয়েছে। জানা যায়, হামিদুল মোটর সাইকেল নিয়ে সুরঙ্গ রাস্তা দিয়ে দ্রুত লাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কা লেগে আহত হন। স্থানীয় লোকজন নওগাঁ সদর হাসপাতালে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। সে রাজাপুর গ্রামের মৃত-বাহার আলীর ছেলে।