লালপুরে কেজি স্কুলের রজতজয়ন্তী
লালপুর (নাটোর) সংবাদদাতা \ শনিবার নাটোরের লালপুর উপজেলার কলকাকলী কেজি স্কুলের ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এছাড়া স্কুল চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোরের জেলা প্রশাসক মো. জাফরউল্লাহ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাটোর পুলিশ সুপার ড. নাহিদ হোসেন, রাজশাহী এসপি আলমগীর কবির পরাগ, ঢাকার জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুনের স্ত্রী রওনক আরা খানম, গোপালপুর পৌরসভার মেয়র মুনজুরুল ইসলাম বিমল, লালপুর থানার ওসি মতিয়ার রহমান, সাবেক অধ্যক্ষ মনছুর রহমান, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সুকুমার সরকার, কেজি স্কুলের অধ্যক্ষ সাইদুজ্জামান লিটন প্রমুখ।
এনায়েতপুরে যুবলীগ নেতা হত্যাকারীদের শাস্তি দাবিতে বিক্ষোভ
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ সিরাজগঞ্জের এনায়েতপুরে যুবলীগ নেতা টিক্কা হত্যাকারীদের দ্রুত আটক ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে থানা আওয়ামী লীগ। শনিবার দলের বেতিল কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দলের অঙ্গ সংগঠনের কয়েকশ’ নেতা-কর্মী। মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এনায়েতপুর হাট চত্বরে এসে শেষ হয়।
কেন্দুয়ায় শিক্ষকদের সম্মাননা
নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা কেন্দুয়া উপজেলার শিক্ষার মান উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য শিক্ষকদের সম্মাননা পদক প্রদান করা হয়েছে। মাহবুব জনকল্যাণ সোসাইটি রোয়াইলবাড়ি ইউনিয়ন শাখার উদ্যোগে জনতা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার এ সম্মাননা পদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। সোসাইটির রোয়াইলবাড়ি শাখার সভাপতি আবু সিদ্দিক ভূঞার সভাপতিত্বে সম্মাননা পদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সোসাইটির প্রতিষ্ঠাতা, সুপ্রীমকোর্ট বার এসোসিয়েশনের সদস্য, আর,এ, কে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের আইন উপদেষ্টা ও পরিচালক মাহবুবুর রহমান ভূঞা জুয়েল।
বড়াইগ্রামে বিএনপির ঈদ পুনর্মিলনী
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে গতকাল শনিবার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রামাগাড়ি বাজারে দলীয় কার্যালয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ একরামুল আলম।
নওগাঁয় শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
নওগাঁ প্রতিনিধি \ নওগাঁ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ৭২ জন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়েছে। শনিবার ভবনের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা করা হয়। এতে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল মালেক, রানার গ্রুপের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান খান, নওগাঁ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আলী দ্বীন, মোঃ মুজিবুর রহমান।
পঞ্চগড়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড়ে ২০১৩ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সরকারি অডিটোরিয়ামে জেলা ছাত্রলীগের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়। এতে সংসদ সদস্য মজাহারুল হক প্রধান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪১১ জন এবং এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০৯ জন কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।
মেলান্দহে ক্ষুদে খেলোয়াড়দের সংবর্ধনা
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা \ জামালপুরের মেলান্দহে ক্ষুদে খেলোয়াড়দের সংবর্ধনা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে ১৯ অক্টোবর অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মির্জা আজম এমপি প্রধান অতিথির বক্তব্য রাখেন। মেলান্দহ সরকারি মডেলের সভাপতি মেজবাহাদুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শফিক জাহেদী রবিন।
পীরগাছায় অডিটোরিয়াম ও কমিউনিটি সেন্টার উদ্বোধন
পীরগাছা (রংপুর) সংবাদদাতা \ রংপুরের পীরগাছায় শনিবার ৫০০ আসনবিশিষ্ট আধুনিক উপজেলা অডিটোরিয়াম ও কমিউনিটি সেন্টারের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সী প্রধান অতিথি হিসেবে এ অডিটোরিয়াম উদ্বোধন করেন। রংপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়ন্ত কুমার সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) কাজী হাসান আহম্মেদ, জেলা পরিষদের প্রশাসক রেজিনা রাজ্জাক, পীরগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান।
গঙ্গাচড়ায় শিক্ষার্থীদের পুনর্মিলনী
গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা \ শনিবার উপজেলা পরিষদ হলরুমে ২০১৩ সালের এসএসসি, এইচএসসি ও মেডিক্যাল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। গঙ্গাচড়া স্টুডেন্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশন-এর আয়োজনে অনুষ্ঠানে সংগঠনের সভাপতি রাফিউল আলম জুয়েল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রংপুর মেডিক্যাল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. আজিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রংপুর মেডিক্যাল কলেজের চক্ষু বিভাগের সহকারী অধ্যপক ডা. জহুরুল ইসলাম।
ঘোড়াঘাটে জিয়া শিশু-কিশোর সংগঠনের পুনর্মিলনী
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা \ শনিবার দিনাজপুরের ঘোড়াঘাটে জিয়া শিশু-কিশোর সংগঠনের উদ্যেগে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। দলের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মোঃ নুরুন্নবীর নিজস্ব বাসভবন উপজেলার খায়রুল গ্রামে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সহ-সভাপতি আব্দুল গাফ্ফারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মীর মমিনুর রহমান।
দেবিদ্বারে ইউপি ভবন উদ্বোধন
কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১০নং গুনাইঘর (দ.) মডেল ইউপি’র নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম গোলাম মোস্তফা এমপি এ ভবনের উদ্বোধন করেন। সাবেক ইউপি চেয়ারম্যান মো. মজিবুল ইসলাম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা রৌশন আলী মাস্টার, জয়নুল আবেদিন, হুমায়ুন কবির।
নবীনগরে ঘূর্ণি দুর্গতদের মাঝে টিন বিতরণ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রামে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তা ঘূর্ণি দুর্গত ৬০টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়। ব্যাংকের পরিচালক ও ধানমন্ডি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল শনিবার স্থানীয় মাঠে ঘূর্ণি দুর্গতদের মাঝে এ ত্রাণ তুলে দেন । ব্যাংকের জেনারেল ম্যানেজার ড. নাজমুলবারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মোঃ জসিম উদ্দিন।
গাইবান্ধায় শিক্ষার্থীদের পুনর্মিলনী ও স্মরণ সভা
গাইবান্ধা প্রতিনিধি \ গাইবান্ধা লক্ষ্মীপুর স্কুল এন্ড কলেজের এসোসিয়েশন অব ব্যাচ-৮৮ এর ২৫ বছর পূর্তি পুনর্মিলনী, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার স্কুলের শহীদ মিনার পাদদেশে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এসোসিয়েশন অব ব্যাচ-৮৮ এর সভাপতি একেএম সিদ্দিকুল হাসান শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি, বিশেষ অতিথি বিজি. এম. ই. এর কো-চেয়ারম্যান মোঃ নওশের আলী। একই দিনে গাইবান্ধা সরকারি কলেজের ১৯৪৭ থেকে ১৯৭১ ব্যাচের ২৪ জন প্রাক্তন প্রয়াত ছাত্র-ছাত্রীর স্মরণ সভা শনিবার জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সরকারি কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী মিলন মেলা পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। মিলন মেলা সভাপতি শাহাদত্ হোসেন চম্পার সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের প্রাক্তন ছাত্র গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক এ্যাড. সৈয়দ শামসুল আলম হিরু, প্রফেসর জয়নুল আবেদীন, অধ্যাপক ফিরোজা বেগম।
বানারীপাড়ায় ইউনিয়ন ইনস্টিটিউশনের স্মরণ সভা
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা \ বানারীপাড়া ইউনিয়ন ইনষ্টিটিউশনের (পাইলট) ১৯৮৬ ও ১৯৮৭ সালের এসএসসি ব্যাচের উদ্যোগে রেডসান প্রি-ক্যাডেট ও নিউভিশন স্কুলের অকাল প্রয়াত অধ্যক্ষ সালাউদ্দিন বাবলুর স্মরণ সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বানারীপাড়া ইউনিয়ন ইনষ্টিটিউশন মিলনায়তনে প্রধান শিক্ষক খাদেম আলী খানের সভাপতিত্বে স্মরণসভায় বক্তৃতা করেন সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট মাহাবুব হোসেন, পুলিশ সার্জেন্ট রহমত, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আক্কাস আলী খান।
ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ শনিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শ্যামবাড়ি যুব সমাজের উদ্যোগে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী মোস্তফা জালাল। বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সহ-সম্পাদক ও শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব শাহাজাহান আলম সাজু।
মহেশপুরে জাপার মতবিনিময় সভা
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ শনিবার উপজেলা জাপার ঈদ উত্তর মতবিনিময় সভা রয়েল প্লাজার ৩য় তলায় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা জাপার আহবায়ক আব্দুর রহমান। সভায় বক্তব্য রাখেন পৌর জাতীয় পার্টির আহবায়ক মোঃ আব্দুল কাদের আলম, জাপা নেতা অধীর সরকার, মোসারেফ হোসেন মাষ্টার, মাসুদ হোসেন, শরিফুল ইসলাম।
গৌরীপুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের কার্যকরি পরিষদের নির্বাচন প্রেসক্লাব মিলনায়তনে শুক্রবার অনুষ্ঠিত হয়। সভাপতি পদে মোঃ শফিকুল ইসলাম মিন্টু (ইত্তেফাক) ও সাধারণ সম্পাদক পদে এইচএম খাইরুল বাশার (মানব জমিন) নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি আলী হায়দার রবিন (স্বজন), যুগ্ম সম্পাদক মশিউর রহমান কাউছার (আমাদের সময়), দপ্তর ও প্রচার সম্পাদক সাজ্জাতুল ইসলাম সাজ্জাত (নয়াদিগন্ত)।
ধামরাইয়ে আনন্দ মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা
ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ ধামরাইয়ের রাজাপুর গ্রামে ঈদের পরদিন থেকে চার দিনব্যাপী ঈদ আনন্দ উত্সব ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এ বিশাল মেলার আয়োজন করেন মেঘনা ব্যাংকের ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম খান সেলিম। প্রতিদিন হাজার হাজার লোক এ মেলায় আনন্দ উপভোগ করতে ভিড় জমায়। ক্লোজআপ তারকা ও অন্য শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।
মৌলভীবাজারে কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা
মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজারে ২০১৩ সালে এস এস সি ও এইচ এস সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করেছে অন্বেষা। শনিবার মৌলভীবাজার সরকারি কলেজ অডিটোরিয়ামে জেলার ৬০৮ জন কৃতী ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা ও বৃত্তি দেয়া হয়। অন্বেষা মৌলভীবাজারের সভাপতি ডা. দিলশাদ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।
গ্রেটার কুষ্টিয়া নিউজ ও জাগো মেহেরপুরের আলোচনা সভা
মেহেরপুর প্রতিনিধি\ গ্রেটার কুষ্টিয়া নিউজ ও জাগো মেহেরপুরের আয়োজনে মেহেরপুরকে জানো; নিজেকে জানো বিষয়ক এক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত মুক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক ও অবসরপ্রাপ্ত শিক্ষক ইসলাম আলী মাষ্টার। বক্তব্য রাখেন মেহেরপুরের বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী ও সংগঠক নাসিরউদ্দিন মিরু।
শিল্পপতি আযম জে চৌধুরী সংসদ নির্বাচনে প্রার্থী হবেন
কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা\ ইষ্টকোষ্ট গ্রুপ অব কোম্পানিজ-এর চেয়ারম্যান, গ্রীন ডেলটা ইনস্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান, অনারারি কনসোলার অব হাঙ্গেরী, বাংলাদেশ সরকারের এনার্জি খনিজ গ্যাস ও তেল উপদেষ্টা কমিটির সদস্য, ফিনলে কনসোলেটেড টি কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান, প্রাইম ব্যাঙ্ক লিমিটেড এর পর পর দুইবারের চেয়ারম্যান, বখতুননেছা ডায়াবেটিস সেন্টার ও মহতোসিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, শিল্পপতি আযম জে চৌধুরী ২৩৫- মৌলভীবাজার-২ আসন (কুলাউড়া ও কমলগঞ্জের একাংশ) থেকে আসন্ন দশম সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।
বটিয়াঘাটায় ১৮ দলীয় জোটের সংগ্রাম কমিটি
বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা \ শনিবার ১৮ দলীয় জোটের উদ্যোগে উপজেলায় সংগ্রাম কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলার সভাপতি আমীর এজাজ খান। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা জিয়াউর রহমান জিকু, কামরুল ইসলাম সিপার, কামরুল ইসলাম, জামায়াতের আমীর মাওলানা আবু ইউছুফ, প্রমুখ।
সেনবাগে সাংবাদিকদের সাথে মতবিনিময়
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা \ আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও জনতা ব্যাংক লিমিটেড-এর পরিচালক ড. জামাল উদ্দিন আহমেদ এফ.সি.এ স্থানীয় সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। শনিবার সন্ধ্যায় ড. জামালের শিবপুর গ্রামের বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পীরগঞ্জ জাতীয় ছাত্র সমাজের সম্মেলন
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ শুক্রবার পীরগঞ্জ উপজেলা ও পৌর জাতীয় ছাত্র সমাজের দ্বি-বার্ষিক সম্মেলন পৌর অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক রেজাইল রাজি স্বপন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহম্মদ এম.পি।
নীলফামারীতে পুলিশের সাথে বিএনপি কর্মীদের হাতাহাতি
নীলফামারী প্রতিনিধি \ রবিবার বিএনপি কার্যালয় থেকে জেলা কমিটির সদস্য সচিব শামসুজ্জামান জামানের নেতৃত্বে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় দু’পক্ষের ধাক্কাধাক্কি ও হাতাহাতির পর শত শত বিক্ষুব্ধ নেতা-কর্মী পুলিশ বেরিকেড ভেঙ্গে মিছিল বের করে। পরে মিছিল শহর প্রদক্ষিণ শেষে সমাবেশ করে।
নীলফামারীতে ওলামা দলের কমিটি গঠন
নীলফামারী প্রতিনিধি \ জাতীয়তাবাদী ওলামা দল নীলফামারী জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। শনিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ মাওলানা আ.ন.ম রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ইনামুল হক মাজেদী। বক্তৃতা করেন, জেলা বিএনপির আহবায়ক এ্যাড. আনিছুল আরেফিন চৌধুরী, সদস্য সচিব শামসুজ্জামান জামান, অধ্যাপক রাজ্জাকুল ইসলাম রাজা, মহসীন আলী প্রমুখ।
পীরগঞ্জে প্রবীণ শিক্ষক ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ শনিবার পীরগঞ্জ উপজেলার বোর্ডহাটে ‘অর্ক’ স্টুডেন্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশন নামে একটি সংস্থা হাজীপুর ও সেনগাঁও ইউনিয়নের স্কুল-কলেজের দেড় শতাধিক শিক্ষার্থী ও প্রবীণ শিক্ষকদের সংবর্ধনা প্রদান করেছে। সংগঠনের সভাপতি ফাতিউস ফাহমিদ সৌরভ-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল রহমান।
কলমাকান্দায় বিএনপি নেতার গণসংযোগ
নেত্রকোনা প্রতিনিধি \ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্য এবং নেত্রকোনা-১ আসনের সম্ভাব্য বিএনপি দলীয় প্রার্থী ব্যারিষ্টার কায়সার কামাল গত এক সপ্তাহে কলমাকান্দা এবং দুর্গাপুর উপজেলার নাজিরপুর, রংছাতি, লেঙ্গুরা, খারনৈ, কৈলাটি, পোগলা, বড়খাপন ইউনিয়নের গমিগলোতে গণসংযোগ করেছেন। এসময় তিনি ৪৪টি প্রতিরোধ কমিটি গঠন করেছেন।
নাটোরে বিএনপির বিক্ষোভ সমাবেশ
নাটোর প্রতিনিধি \ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি গতকাল রবিবার শহরের আলাইপুর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বালিকা সরকারি বিদ্যালয়ের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। নেতাকর্মীরা সেখানে বিক্ষোভ প্রদর্শন করে। বক্তারা ঢাকায় অনির্দিষ্টকালের জন্য মিছিল-সমাবেশ নিষিদ্ধের তীব্র প্রতিবাদ ও নাটোর জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মুক্তি দাবি করেন।
নাগরপুরে বিএনপি নেতার গণসংযোগ
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা মোঃ হাবিবুর রহমান হাবিব রবিবার নাগরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুই শতাধিক মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে গণসংযোগ করেছেন।
কুমিল্লা-৫ আসনে বিএনপি নেতার গণসংযোগ
কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি ও কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং বিগত নির্বাচনে বিএনপি থেকে দু’বার মনোনয়নপ্রাপ্ত এ.এস.এম আলাউদ্দিন ভূঁইয়া ব্যাপক গণসংযোগ অব্যাহত রেখেছেন। গতকাল রবিবার দলীয় নেতা-কর্মীদের নিয়ে মীরপুর, মাধবপুর, ষাইটশালা, চান্দলা, শশীদল, বড়ধষিয়া, সাহেবাবাদসহ ওই আসনের বিভিন্ন এলাকায় গত ৩ দিন ধরে গণসংযোগকালে জনগণের সাথে ঈদ-উল-আজহার শুভেচ্ছা বিনিময় করেন।
শিবগঞ্জে অস্ত্র ও গুলি উদ্ধার
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জগন্নাথপুর থেকে রবিবার একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি বিজিবি সদস্যরা।
কুষ্টিয়ার মিরপুরে সাবেক এমপির গণসংযোগ
মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় করতে মিরপুর ও ভেড়ামারা উপজেলার প্রতিটি ইউনিয়ন চষে বেড়াচ্ছেন মিরপুর উপজেলার ধুবইল, চিথলিয়া, আমলা, সদরপুর, কুর্ষা, মালিহাদ ও পৌরসভার প্রায় প্রতিটি গ্রাম সহস্রাধিক মোটর সাইকেল বহরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ব্যাপক গণসংযোগ করেছেন। গণসংযোগকালে তার সাথে ছিলেন মিরপুর উপজেলা বিএনপির সেক্রেটারী আলহাজ্ব আব্দুল হক, সাংগাঠনিক সম্পাদক রহমত আলী রব্বান, পৌর বিএনপির সেক্রেটারী ইব্রাহিম আলী, উপজেলা কৃষক দলের সভাপতি আনছার আলী।
