নবম বর্ষে পদার্পণ ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গতকাল রবিবার আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তিন দিনব্যাপী ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০১৩’ এর উদ্বোধনী ঘোষণা করা হয়।
সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে এর উদ্বোধন করেন। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। উপাচার্য বেলুন উড়ান ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করেন।
পরে একাডেমিক ভবনের নিচ তলায় তিন দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা প্রদশর্নীর উদ্বোধন করেন উপাচার্য। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো:সেলিম ভুঁইয়া, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, গ্রন্থাগারিক, পরিচালক (ছাত্র-কল্যাণ), প্রক্টর ড. অশোক কুমার সাহা, সহকারী প্রক্টরবৃন্দ, শিক্ষক-ছাত্র-ছাত্রী-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করে।
তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের মধ্যে আজ সকালে একাডেমিক ভবনের নিচ তলায় দেশের বরেণ্য শিল্পীদের আঁকা চিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন উপাচার্য। এছাড়া মুক্তিযুদ্ধের ভাস্কর্য চত্বরে সকাল সাড়ে ১০টায় বাংলা বিভাগের ৪র্থ ব্যাচের ছাত্র-ছাত্রী কর্তৃক কবিতা প্রদর্শনী, সকাল ১০.৪৫টায় ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংসদ’ কর্তৃক মুক্তিযুদ্ধভিত্তিক চিত্র প্রদর্শনী ও গণস্বাক্ষর কর্মসূচি এবং সকাল ১১টায় বাঁধন কর্তৃক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হবে।
