শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ রাজনীতির নামে দেশে জ্বালাও পোড়াও এবং ধ্বংসাত্মক কর্মসূচি থেকে বিরত থাকতে সব দলের নেতাদের প্রতি আহবান জানিয়েছেন। আগামী নভেম্বর থেকে স্কুলগুলোতে জেএসসি এবং পিএসসি পরীক্ষা শুরু হচ্ছে উল্লেখ করে বলেন, পরীক্ষা চলার সময় এ ধরনের কর্মসূচি থেকে বিরত থাকা উচিত।
রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এই সংগঠনের সদস্যদের সন্তানদের মধ্যে এসএসসি, এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী এবং ডিআরইউর লেখক সদস্যদের সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান। ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল প্রমুখ।
