মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ তার দেশে প্রেসিডেন্ট নির্বাচন স্থগিতের একদিন পর নির্বাচন অনুষ্ঠানের জন্য লড়াই করার প্রতিজ্ঞা করেছেন। সাবেক প্রেসিডেন্ট নাশিদ নির্বাচনে জিতবেন বলে আশা করা হচ্ছিল। নাশিদ রাজধানীতে এক সমাবেশে সমর্থকদের উদ্দেশে বলেন, তাদের নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে প্রচারণা চালিয়ে যেতে হবে।
রবিবার সকালে অনুষ্ঠিত এই সমাবেশে নাশিদ বলেন, ‘আমি দমে যাবো না। অনড় থাকবো।’ পাঁচ বছর আগে বহু দলীয় নির্বাচন পদ্ধতি গ্রহণ করা মালদ্বীপের পুলিশ ‘অবৈধ’ উল্লেখ করে নির্বাচন কমিশনকে শনিবারের প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত ঘোষণা করতে বাধ্য করে। এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এর আগে গত সাত সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নাশিদ ৪৫ শতাংশের বেশি ভোট পেয়েছিলেন।
আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এ নির্বাচন বিশ্বাসযোগ্য, অবাধ ও সুষ্ঠু হয়েছে বললেও নির্বাচনে তৃতীয় স্থান পাওয়া প্রার্থী ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে আবেদন জানালে আদালত ওই নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেয়। পুলিশ শনিবারের নির্বাচন স্থগিত করতে নির্বাচন কমিশনকে বাধ্য করার পর নাশিদ সমর্থকরা রাজপথে বিক্ষোভ প্রদর্শন করে। রবিবার সকালে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়া হয়।
শনিবার রাতে নির্বাচন কমিশন প্রধান ফুয়াদ তাওফীক জাতীয় টেলিভিশনে বলেন, নতুন করে নির্বাচন অনুষ্ঠানে আরো অন্তত তিন সপ্তাহ সময় প্রয়োজন হবে। মালদ্বীপের সংবিধান অনুযায়ী ১১ নভেম্বরের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করার বাধ্যবাধকতা রয়েছে। কমিশন প্রধান ২ থেকে ৯ নভেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রচেষ্টা চালানোর কথা বলেন।
বিদায়ী প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহীদ আগামী সপ্তাহান্তে নির্বাচন অনুষ্ঠানের ইঙ্গিত দিয়েছেন।
