কাশ্মীর সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দেয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ভারত। রবিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ বলেছেন, এটা সম্পূর্ণ ভারত-পাকিস্তানের দ্বি-পাক্ষিক বিষয়। এ সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের প্রশ্নই উঠে না। —খবর দি ন্যাশন ও এনডিটিভি ও সিনহুয়া
সালমান খুরশিদ বলেন, ভারত পাকিস্তানের দেয়া এ ধরনের প্রস্তাব কোনভাবেই সমর্থন করতে পারে না। এ বিষয়টি যে উভয়ের দ্বি-পাক্ষিক বিষয় তা অনেক আগেই সমঝোতা হয়ে গেছে। তিনি বলেন, কাশ্মীর ইস্যুতে সিমলা বৈঠকে সমঝোতা হয়ে গেছে। এ ব্যাপারে নতুন করে কারো হস্তক্ষেপ কোনভাবেই কাম্য নয়। কেননা কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য একটি অংশ। এ সমস্যা সমাধানে আমরা তৃতীয় কোন পক্ষের অন্তর্ভুক্তি চাই না। বিষয়টি নিয়ে নতুন প্রশ্ন চালাচালি করা সময়ক্ষেপণ মাত্র। এ সময় তিনি ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরনের বিষয়গুলো আমরা কখনোই আশা করি না। সালমান খুরশিদ বলেন, যুক্তরাষ্ট্রের তরফ থেকে পাকিস্তানকে যদি কোন অর্থনৈতিক সহায়তা দেয়া হয়, তবে তা যেন, ভারতের নিরাপত্তা ও কৌশলগত দিকের জন্য ক্ষতিকারক না হয়। এদিকে ভারতের প্রধান বিরোধী দল বিজেপির পক্ষ থেকেও বলা হয়েছে, এ ব্যাপারে তৃতীয় পক্ষের কোন হস্তক্ষেপ করার অধিকার নেই।
ওয়াশিংটনে ওবামার সাথে বৈঠকের আগে গত রবিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ কাশ্মীর সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করেন। ওয়াশিংটনে যাওয়ার পথে লন্ডনে নওয়াজ বলেন, ভারত না চাইলেও বিশ্বের শক্তিশালী দেশগুলোর উচিত কাশ্মীর সমস্যা সমাধানে এগিয়ে আসা।
