জার্মানিতে সেবাকর্মীর ঘাটতি
জার্মানিতে অদূর ভবিষ্যতে সেবা ক্ষেত্রে বেশ কয়েক হাজার কর্মীর ঘাটতি দেখা দেবে। জার্মান সরকার এই ঘাটতি পূরণের জন্য উদ্যোগ নিচ্ছে। চেষ্টা করছে বিদেশ থেকে কর্মী আনার। বিশেষজ্ঞরা মনে করেন, চলতি দশকের শেষ নাগাদ সেবা ক্ষেত্রে ২ লাখ ২০ হাজার কর্মীর অভাব দেখা দেবে। কেননা এখানে প্রবীণদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ক্রমাগত। তাই অন্যান্য দেশ থেকে সেবাকর্মী আনার প্রচেষ্টা চালাচ্ছে সরকার। —ডয়েচে ভেলে
চোরাপথে হাতির দাঁতের সামগ্রী
আগামি এক দশকের মধ্যেই ৩০টি দেশ থেকে আফ্রিকান হাতি বিলুপ্ত হয়ে যেতে পারে, এমন হুঁশিয়ারি দিয়েছে সংরক্ষণবাদী গোষ্ঠীগুলো। তারা বলেছেন, প্রতিবছর চোরাশিকারিদের হাতে হাজার হাজার হাতি মারা পড়ছে, যা গত দু’দশকের মধ্যে সর্বোচ্চ। পাঁচবছর আগে হাতির দাঁতের তৈরি সামগ্রী অবৈধভাবে বিক্রি ঠেকাতে আন্তর্জাতিক সমপ্রদায় সীমিত আকারে এই ব্যবসার অনুমতি দিয়েছিল। এখন তারাই স্বীকার করছেন যে এটা ছিল মারাত্মক একটি ভুল, কারণ এর ফলে হাতির দাঁতের তৈরি সামগ্রীর চাহিদা ব্যাপকভাবে বেড়ে গেছে। —বিবিসি
টাইটানিকের ভায়োলিন নিলামে
আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজ ডোবার সময় যাত্রীদের শান্ত করতে সুর ছড়ানো ভায়োলিন আবারো জন্ম দিল নতুন ইতিহাস। শনিবার যুক্তরাজ্যের উইল্টশায়ারে নিলামে রেকর্ড নয় লাখ পাউন্ডে বিক্রি হয়েছে ব্যান্ড তারকা ওয়ালেস হার্টলির এই বাদ্যযন্ত্রটি। জাহাজটি ডোবার সময় আতঙ্কিত যাত্রীদের শান্ত করার জন্য ঐ ভায়োলিন বাজান তিনি। একজন ব্রিটিশ নাগরিক ভায়োলিনটি কিনেছেন বলে জানা গেছে। —বিবিসি
উত্তরাখন্ডে বাস দুর্ঘটনায় নিহত-১৬
ভারতের উত্তরাঞ্চলের উত্তরাখন্ডে রবিবার সন্ধ্যায় বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছে। পুলিশ সোমবার এ কথা জানায়। বাসটি উত্তরাখন্ডের বড়পাতহার এলাকা থেকে ৫০ জন যাত্রী নিয়ে একটি বিবাহ অনুষ্ঠান থেকে ফিরছিল। পথে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। —সিনহুয়া
