নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের অপরাধে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার যুবলীগ নেতাসহ ১৩ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল আওয়াল এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন: চরফলকন ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শিবলী তালুকদার এবং একই এলাকার ফারুক, হারুন, জয়নাল আবেদিন, রিয়াজ হোসেন, ইউছুফ, আব্বাস, মাহফুজুল ইসলাম, সোহাগ, বাহার, মনির, রিয়াজ ও হানিফ প্রমুখ। উপজেলা মত্স্য কর্মকর্তা মাসুদুল হাসান জানান, নিষেধাজ্ঞা অমান্য করে সোমবার ভোর থেকে মেঘনা নদীর লুধুয়া ও পেতনার খাল এলাকায় কারেন্ট জাল দিয়ে তারা মা ইলিশ নিধন করছিলো। খবর পেয়ে পুলিশ ও মত্স্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে যুবলীগ নেতাসহ ওইসব জেলেকে আটক করে। ওই সময় তাদের ব্যবহূত মাছ ধরার একটি ইঞ্জিনচালিত ট্রলার, প্রায় ১০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার মিটার কারেন্ট জাল এবং একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল আওয়াল জানান, নিষিদ্ধ সময়ে ইলিশ প্রজনন এলাকায় মা ইলিশ শিকারের দায়ে ১২ জন জেলেকে তিন মাসের, একই সময় অপর একজন জেলেকে সাড়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত ব্যানার্জি জানান, ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
