নীলফামারীতে ২ জনসহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২২:১৪
সাভার, হবিগঞ্জ, নীলফামারীসহ দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৪ জন মারা গেছেন। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। ইত্তেফাক রিপোর্ট আশুলিয়ায় বাইপাইল এলাকায় গত রবিবার সকালে কাভার্ড ভ্যান চাপায় ইমদাদুল হক (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়। নিহত ইমদাদুল হকের বাড়ি নীলফামারির জলডাঙ্গা থানাধীন মুন্সিপাড়া গ্রামে। এ সময় স্থানীয় লোকজন কাভার্ড ভ্যান ও চালককে আটক করে। পুলিশ চালককে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে আশুলিয়া থানায় মামলা হয়েছে। হবিগঞ্জ হবিগঞ্জ-লাখাই সড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় গত রবিবার দুপুরে শিশুসহ ২জন নিহত ৫ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, শিবপাশা-বানিয়াচং সড়কে মোটর সাইকেলের নিচে চাপা পড়ে রোমান মিয়া (৬) ও কাচারিহাটি গ্রামের যুগেন্দ্র দাশের ছেলে আরাধন দাশ (৩০) নামে একজন নিহত ও মা-ছেলেসহ চারজন আহত হয়েছেন। আহতরা হলেন, স্বজন গ্রামের রবি দাশের ছেলে রনজিত দাশ (৩০), মুড়াকড়ি গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী সুমা আক্তার (৩৩) ও তার ছেলে সুমন মিয়া (৫)। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, লাখাইগামী একটি সিএনজি অটোরিকশা ঘটনার দিন বিপরীতমুখী একটি মিনিবাসের সাথে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নীলফামারী নীলফামারী-সৈয়দপুর সড়কে গত রবিবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, সদর উপজেলার নগরবন্দ গ্রামের মোজাম্মেল হকের পুত্র সিঙ্গাপুর প্রবাসী শাহিন (২৬) ও আব্দুল মজিদ (৭০) নামে এক পথচারী। পল্ল¬ীবিদ্যুত্ সমিতি এলাকায় ও উপজেলা সদর সৈয়দপুরের বঙ্গবন্ধু সড়কের চামড়া গুদাম মসজিদের কাছে এ পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে। বান্দরবান বান্দরবানে গত রবিবার ভূট্টিয়া পাড়ায় জীপের ধাক্কায় আহত শিশু চিংলং ম্রো (৭) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছে। সে বান্দরবানের ম্রো অধ্যুষিত ভূট্টিয়া পাড়ার বাসিন্দা প্যাড়াও ম্রো’র ছেলে। নিহত চিংলং ম্রো পর্যটকবাহী জীপের ধাক্কায় আহত হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) গোয়ালন্দ উপজেলার উজানচর নবুওছিমদ্দিন পাড়ায় গত রবিবার বাস চাপায় ঘটনাস্থলেই হূদি (৪) নামে এক শিশু মারা গেছে। সে মাসুম ফকিরের মেয়ে। জানা যায়, বেলা আড়াইটার দিকে শিশু হূদি মহাসড়কের ওপর উঠলে ঘাট থেকে ছেড়ে যাওয়া দ্রুতগামী একটি লোকাল বাস শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি প্রাণ হারায়। এ সময় উত্তেজিত লোকজন স্পীডব্রেকারের দাবিতে মহাসড়ক অবরোধ করে। তালা (সাতক্ষীরা) তালায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মুজিবর গাজী (৫০) নামে এক ব্যক্তি নিহত ও দুইজন আহত হয়েছেন। সে তালা উপজেলার খেশরা গ্রামের হাফেজ সোলায়মানের পুত্র। আহতরা হলেন, উপজেলার চরগ্রামের মুনছুর শেখের পুত্র খায়রুল শেখ (২০) এবং দোহার গ্রামের ছদর উদ্দীনের পুত্র শফিকুল ইসলাম (৩২)। আহত দুই জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দাউদকান্দি (কুমিল্লা) দাউদকান্দি উপজেলার দৌলতপুর, রায়পুর, শহীদনগর ও চান্দিনা উপজেলার পালকি সিনেমা হল এলাকায় গত রবিবার পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং একই পরিবারের ৮ জনসহ ৩৪ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, দেবিদ্বার উপজেলার শিবপুর গ্রামের আলী হোসেনের ছেলে মাইক্রোবাস চালক কামাল হোসেন (৪৩), ইউসুফপুর ইউনিয়নের গার্মেন্টস ব্যবসায়ী মাসুক আলম চৌধুরীর ছেলে রিফাত (৮) ও বাস চালক অজ্ঞাত পরিচয়। এ ঘটনায় আহতদের মধ্যে ইউসুফপুর ইউপি আওয়ামী লীগ সভাপতি মোস্তফা কামাল চৌধুরীর চাচাতো ভাই ও নিহত রিফাতের বাবা মাসুক আলম চৌধুরী (৪২), নূরে আলম চৌধুরী (৫৫), দেলোয়ারা বেগম, রত্না (২৬), রুনা (২৪), রাজিব (২৮), আব্দুর রউফ ভুঁইয়া, মোমেনা বেগম আরো অজ্ঞাত পরিচয় অনেকে। আহতদের চিকিত্সার জন্য দাউদকান্দি উপজেলার গৌরীপুর, কুমিল্লা ও ঢাকায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। উখিয়া (কক্সবাজার) উখিয়ার টিএন্ডটি কুতুপালং এলাকায় গত রবিবার সকালে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ইয়াছিনের পুত্র মো. কাছিম (২২) নামে একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে জয়নাল উদ্দিন (২৮), তোফাইল (৩৫), ছৈয়দ মিয়া (২৫) ও অটোরিকশার যাত্রীসহ ১১ জন উখিয়া ও কক্সবাজার হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। মহেশপুর (ঝিনাইদহ) মহেশপুর বাসস্ট্যান্ডে গতকাল সোমবার মাইক্রো ও মিশুকের মুখোমুখি সংঘর্ষে শহিদুল ইসলাম (৪০) নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, রীমা আক্তার (৪), সাহিদা খাতুন (৪০) ও আফরোজা (১৬)। আহতদের মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দামুড়হুদা (চুয়াডাঙ্গা) দামুড়হুদার প্রতাপপুর গ্রামে গত রবিবার রাতে ট্রাক্টর উল্টে চাপা পড়ে চালক কিবরিয়া মন্ডল (২৮) নামে একজন নিহত হয়েছেন। সে লোকনাথপুর গ্রামের আব্দুল বারী মণ্ডলের ছেলে। জানা যায়, প্রতাপপুর মাঠের জমি চাষ করে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ট্রাক্টর চাপায় চালক গুরুতর আহত হন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। ত্রিশাল (ময়মনসিংহ) ময়মনসিংহের ত্রিশালে গতকাল সোমবার দুপুরে পিকআপ চাপায় নবী হোসেন (৬৫) নামে এক মুক্তিযোদ্ধা নিহত ও দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন, মোটরসাইকেল চালক রফিকুল ইসলাম (১৮) ও হাজী আবুল কাশেম (৬০)। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল নওধার কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাইপাস মোড়ে ময়মনসিংহগামী একটি পিকআপ বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।