বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানি শুরু

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২২:১৬
ঈদ ও পূজার ছুটিতে দীর্ঘ ১১ দিন বন্ধ থাকার পর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত, নেপাল ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়ায় বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। ঈদ উল আজহা ও দুর্গা পূজা উপলক্ষে উভয় দেশের আমদানি-রপ্তানিকারক ও সিএন্ডএফের সিদ্ধান্ত মোতাবেক ১০ অক্টোবর থেকে এ বন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল। চালু হয়েছে আখাউড়া স্থলবন্দর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, সোমবার থেকে আখাউড়া স্থলবন্দর চালু হয়েছে। ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। দু’দেশের পণ্যবাহী পরিবহনগুলো মালামাল পরিবহন করছে। পবিত্র ঈদুল আযহা ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ১০ দিন সকল প্রকার আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল তবে এর মধ্যে ভারতীয়দের চাহিদা অনুযায়ী ১২ ও ১৩ অক্টোবর শুধুমাত্র মাছ রপ্তানি করা হয়েছে। এ সময় দু’দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপারের জন্য ইমিগ্রেশন অফিস খোলা ছিল।