পিরোজপুরের কাউখালী সরকারি খাদ্য গুদামে মালামাল ঝুঁকি নিয়েই খালাস ও বোঝাই করা হচ্ছে। পন্টুন ও জেটি না থাকায় কাঠ বাঁশ দিয়ে মাচা তৈরি করে মালামাল খালাসের কাজ চলছে। ঝুঁকিপূর্ণ এ মাচা দিয়ে প্রতিনিয়ত মাল খালাস করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ শ্রমিকরা। ইতিমধ্যে শ্রমিক মো. ছোবাহান মোড়ল (৬০), ইয়াকুব আলী (৪৫), ছিদ্দিক (৩৮) মাচা ভেঙ্গে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন।
কাউখালীতে ৫টি খাদ্য গুদামের ধারণ ক্ষমতা ২ হাজার মেট্রিক টন। কাউখালী সদরসহ ৫টি ইউনিয়নে আপদকালীন খাদ্যসহ বিভিন্ন সরকারি প্রকল্পের খাদ্য মজুদ থাকে এ গুদামগুলোতে। এখান থেকে প্রতিদিন বিভিন্ন ইউনিয়নে মালামাল সরবারাহ করা হয়। কিন্তু উপজেলা সদরের খাদ্য গুদামের পন্টুন ও জেটি না থাকায় ঝুঁকিপূর্ণ মাচার ওপর দিয়ে হাজার হাজার টন খাদ্যশস্য আনা নেয়ার কাজ করতে গিয়ে শ্রমিকদের পড়তে হয় দুর্ঘটনায়।
উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এখানে একটি পন্টুন ও জেটির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে আবেদন করা হয়েছে। তিনি আরো বলেন, ঝুঁকিপূর্ণ অবস্থায় সরকারের খাদ্যশস্য খালাস করতে গিয়ে একদিকে যেমন সময়ের অপচয় হয়। অপরদিকে সরকারি খাদ্যশস্য নিয়ে মাচা ভেঙ্গে নদীতে পড়ে গিয়ে শ্রমিকের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
