বেদখলে নোয়াখালী শহরের ফুটপাত

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২২:১৭
জেলা শহর মাইজদীর প্রধান সড়কের দুই পাশে জনসাধারণ চলাচলের কোন ফুটপাত নেই। পৌরসভার নির্মিত ৩-৪ ফুট প্রসস্ত ড্রেনের স্লাবের ওপর দিয়ে পথচারীদেরকে হাঁটাচলা করতে হয়। এ সামান্য ড্রেনের জায়গাটুকুও দীর্ঘদিন থেকে দখল হয়ে আছে। এতে জনসাধারণের স্বাভাবিক চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শহরের মধ্যস্থল পুরাতন বাসস্ট্যান্ড থেকে পৌর বাজার পর্যন্ত সড়কের দুই পাশে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ দোকানপাট। একদিকে দোকানীরা ফুটপাতে মালামাল রেখে ও ড্রেনের উপর অবৈধ দোকানপাট উঠিয়ে দখল নিয়েছে অন্যদিকে দোকানগুলোর সামনে সিএনজি অটোরিক্সা স্প্যান্ড ও বিভিন্ন যানবাহনের পার্কিং পথচারী ও যানবাহন চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এ অবৈধ দখলের কারণে শহরের সৌন্দর্য বিনষ্ট হচ্ছে। বিশেষ করে নোয়াখালী জিলা স্কুলের সামনে ফুটপাতে অসংখ্য অবৈধ দোকানপাট গড়ে উঠেছে। ফুটপাত দখল হয়ে যাওয়ায় শিক্ষার্থী ও জনসাধারণকে অনেক সময় সড়কের মাঝপথ দিয়ে হাঁটাচলা করতে হয়। এতে করে পথচারীরা প্রায়ই ছোট-খাট র্দুঘটনার শিকার হচ্ছে। নোয়াখালী জিলা স্কুলের সামনের ফুটপাতে কয়েকটি দোকানে দিন-রাত চলে বখাটেদের আড্ডা। ফলে এখান দিয়ে চলাচলকারী কলেজ ও স্কুলগামী ছাত্রীদের বখাটেদের উত্পাতের সম্মুখীন হতে হয়। এমনও অভিযোগ রয়েছে ফুটপাতে কয়েকটি দোকানে চলে মাদকের ব্যবসা। জিলা স্কুল কর্তৃপক্ষ স্কুলের সামনের ফুটপাত থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য কয়েক বার জেলা প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও প্রশাসন এ ব্যাপারে কোন ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ পাওয়া গেছে।