পাবনা-৩ আসনে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২২:১৭
প্রার্থীর অভাব নেই বড় দুই দলেই। পুরান নতুন মিলিয়ে এক ডজনেরও বেশি। দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অনেক নতুন মুখ প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। গণসংযোগ, শুভেচ্ছা জ্ঞাপন, মতবিনিময়, শোডাউন-সবই চলছে। এই হলো পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) এলাকার নির্বাচনী হাল হকিকত। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এসব নতুন মুখ ইতোমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন। গণসংযোগের পাশাপাশি নিজেদের কর্মকাণ্ডের ফাইল তুলে দিচ্ছেন নেতাদের হাতে। পাবনা-৩ এলাকা ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির সম্ভাব্য প্রার্থীদের পদচারণায় মুখরিত। প্রতিদিনই বাড়ছে সম্ভাব্য প্রার্থীদের তালিকা। পাবনা-৩ আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীর সংখ্যা বাড়ছেই। এ আসনে যাদের নাম আলোচিত হচ্ছে, তারা হলেন বর্তমান এমপি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, রাকসুর সাবেক ক্রীড়া সম্পাদক অ্যাড. মোঃ শাহ আলম, বিএমএ পাবনা জেলা সভাপতি ডাঃ মোঃ গোলজার হোসেন, চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন সাখো, চাটমোহর উপজেলা চেয়ারম্যান অ্যাড. একেএম শামসুদ্দিন খবির, ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান মো. বাকিবিল্লাহ, মুক্তিযোদ্ধা আ ন ম মেছবাহুর রহমান রোজ, আমেরিকা প্রবাসী আবুল কালাম আজাদ, মহিলা আওয়ামী লীগ নেত্রী বেগম সাজেদা রহমান। অনেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের কথাও প্রচার করছেন। বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হলেন, সাবেক এমপি চাটমোহর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব কেএম আনোয়ারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মো. হাসানুল ইসলাম রাজা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক রাজিউল হাসান বাবু, বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) ফখরুল আযম রনি, আবু সালেহ মোহাম্মদ মাজেদ।