বাংলাদেশে প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনে সিঙ্গাপুরের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২২:১৮
রাষ্ট্রপতি আবদুল হামিদ দক্ষ শ্রমশক্তি গড়ে তুলতে বিশেষ করে নির্মাণ, হাসপাতাল ও সেবাখাতের শ্রমশক্তির জন্য যৌথ সহযোগিতার আওতায় বাংলাদেশে একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনে সিঙ্গাপুরের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বিকালে বঙ্গভবনে সিঙ্গাপুরের হাইকমিশনার চেন হেং উইং রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত্কালে তিনি বলেন, এখানে প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হলে সিঙ্গাপুর সরাসরি দক্ষ জনশক্তি বিশেষ করে নির্মাণ খাতে জনশক্তি নিতে পারবে। বাংলাদেশের দক্ষ ও আধা-দক্ষ শ্রমিকদের জন্য সিঙ্গাপুরে একটি জনপ্রিয় জায়গা। তারা সেখানে প্রাথমিকভাবে নির্মাণ ও জাহাজ তৈরি খাতে কাজ করে। বৈঠকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় চমত্কার সম্পর্কে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন এবং এই সম্পর্ক আগামী দিনগুলোতে আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন। বাণিজ্যিক ভারসাম্য উন্নয়নে রাষ্ট্রপতি সিঙ্গাপুরে বাংলাদেশের রফতানি বৃদ্ধির জোর প্রচেষ্টা চালানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। ২০১০ সালে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে প্রায় ২শ কোটি ডলারের বাণিজ্য হয়েছে। এর মধ্যে সিঙ্গাপুরে বাংলাদেশের রফতানির পরিমাণ মাত্র ৮০ কোটি ডলার। পরে ইরাকে বাংলাদেশের নব-নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল রেজানুর রহমান খান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত্ করেন। তিনি ইরাকে তার নতুন দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং দায়িত্ব পালনে তার সাফল্য কামনা করেন। এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।