২৫ অক্টোবর থেকে প্যারিসের ‘ক্যারৌসেল দু ল্যুভ’য়ে শুরু হতে যাওয়া তিনদিনব্যাপী ‘আর্ট শপিং’-এ অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশি চিত্রশিল্পী লায়লা শারমিন। এই প্রদর্শনীতে অংশ নেবেন বিশ্বের ৭০টিরও বেশি আর্ট-গ্যালারির প্রায় ১ হাজার শিল্পী।
প্রদর্শনীতে সমসাময়িক শিল্পী, ভক্ত এবং আর্ট ডিলারদের সামনে বাংলাদেশি এই চিত্র-শিল্পীকে সহযোগিতা করছেন আর্জেন্টিনা আর্ট ইয়ারবুক সম্পাদক মারিয়া এলেনা বেনিতো। প্রদর্শনীতে থাকবে মিশ্র মাধ্যমে আঁকা শিল্পীর সামপ্রতিক ছবিগুলো।
নিজের আঁকা ছবিগুলোতে বাঙালি হূদয়ের অনুভূতি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন শিল্পী। তবে সামপ্রতিক সময়ে সমাজের নানান নেতিবাচক পরিবর্তন চোখ এড়িয়ে যায়নি তার। এ পর্যন্ত ১১টি একক এবং ৫০টিরও বেশি আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে অংশ নিয়েছেন লায়লা শারমিন। -বিডিনিউজ২৪ডটকম
