লক্ষ্মীপুর ও সিদ্ধিরগঞ্জে দুই খুন

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২২:২০
লক্ষ্মীপুর ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক ঘটনায় দুইজন খুন হয়েছেন। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। লক্ষ্মীপুর লক্ষ্মীপুর সদর উপজেলার চাঁদখালী গ্রামে গত রবিবার রাতে মোঃ সুজন (২৫) নামে একজন খুন হয়েছে। ঘটনার দিন রাতে সুজনকে কে বা কারা মোবাইলে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করে । পরে মুখে বিষ ঢেলে লাশ বাড়ির পাশে ধানক্ষেতে ফেলে চলে যায়। নিহত সুমন চাঁদখালী গ্রামের আহসান উল্যার পুত্র। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে এলাকাবাসী ও পুলিশ ধারণা করছে। সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় গতকাল সোমবার সকালে স্ত্রী আমেনা আক্তার সুমিকে (২০) শ্বাসরোধে হত্যা করেছে স্বামী মাজহারুল ইসলাম। পারিবারিক কলহের জের ধরে স্বামী তার স্ত্রীকে হত্যা করেছে বলে পুলিশ জানায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে পাঠান। এলাকাবাসী জানায়, মাজহারুল ইসলাম একজন টেম্পু চালক। সে একজন মাদকাসক্ত। এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে প্রায়ই ঝগড়া হতো। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় নিহতের মা রেখা বেগম বাদি হয়ে একটি হত্যা মামলা করে।