উপজেলার বাঙ্গালী নদীর ভাঙনে চন্দনপাট গ্রামের মানচিত্র ছোট হয়ে আসছে। পানি বৃদ্ধির সাথে সাথে একের পর এক ফসলি জমি ভেঙ্গে নদীতে বিলীন হচ্ছে। গত কয়েকদিনে পুরনো কবরস্থানের প্রায় অর্ধেক অংশ ভেঙে নদীতে চলে গেছে। ভাঙ্গন দিন দিন ধেয়ে আসছে গ্রামের ভিটে মাটির দিকে। এপর্যন্ত ঐ গ্রামের প্রায় ১’শ বিঘা ফসলী জমি নদী গর্ভে ভেঙ্গে গেছে। ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের দাবিতে গতকাল সোমবার আতংকিত এলাকাবাসী নদী পাড়ে মানববন্ধন করে। উপজেলার কচুয়া ও চন্দনপাট গ্রামের বুক চিরে বয়ে যাওয়া বাঙ্গালি নদীটি বর্তমান অবস্থান থেকে আধা কিলোমিটার দুরে ছিল। দীর্ঘ দিন ধরে ভাঙনের মুখে পড়ে চন্দনপাট গ্রামের প্রায় ১’শ বিঘা জমি ইতিমধ্যে নদীগর্ভে গেছে।
এলাকার ব্যবসায়ী আহম্মেদ আলী ও শাহিদুল ইসলাম বলেন, নদী ভেঙ্গে গ্রামের মানচিত্র ছোট হচ্ছে। অথচ ভাঙন রোধে ব্যবস্থা নেয়া হচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়াল জানান, স্থানীয় জনপ্রতিনিধি বিষয়টি জানালে পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা যেতে পারে।
