বান্দরবানে ২ জনসহ বিভিন্ন স্থানে নয়জনের অপমৃত্যু

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২২:২১
বান্দরবান, চাটমোহরসহ দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় নয়জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। —খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। বান্দরবান জেলা শহরের বালাঘাটা এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মী জয় মোহন চাকমার বাসা থেকে রবিবার সকালে পরিনিতা ত্রিপুরা (১৪) নামে এক গৃহপরিচারিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি খাগড়াছড়ি জেলায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমির হোসেন জানান, ঘরের সিলিংয়ের সঙ্গে উড়না পেঁচানো অবস্থায় গৃহ পরিচালিকা কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এদিকে বাইশফাঁড়িতে গত রবিবার ভোরে বন্য হাতির আক্রমণে কবির আহম্মদ (৪৯) নামে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। ঘুমধুম ইউনিয়ন চেয়ারম্যান দীপক বড়ুয়া জানান, কয়েকদিন ধরে ঘুমধুম ইউনিয়নে বন্য হাতির আক্রমণ বেড়ে গেছে। বন্য হাতির দল প্রতি রাতেই ইউনিয়নের কোথাও কোথাও হামলা চালিয়ে ঘর-বাড়ি ও ফসলি জমি তছনছ করছে। হবিগঞ্জ হবিগঞ্জ শহরের নোয়াবাদ এলাকায় গত রবিবার দুপুরে পুকুরের পানিতে ডুবে অর্পনা আক্তার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়। সে মামার বাড়িতে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। সে ভৈরব উপজেলার আবুল হাসেমের কন্যা। চাটমোহর (পাবনা) পাবনার চাটমোহরে গত রবিবার উপজেলার সমাজ বাজারের শফিজ উদ্দিনের ছেলে আফসার আলী (৩২) কীটনাশক পানে ও হিয়ালদহ গ্রামের গোলজার হোসেনের ছেলে পানিতে ডুবে মৃগী রোগী রঞ্জু (১৫) নামে পৃথক ঘটনায় দুইজন মারা গেছেন। আক্কেলপুর (জয়পুরহাট) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মারমা গ্রামে গত রবিবার দুপুরে পুকুরের পানিতে ডুবে সুজা তালুকদারের শিশু শিফাত নামে সাড়ে তিন বছরের এক শিশু মারা গেছে। টেকনাফ (কক্সবাজার) টেকনাফ স্থলবন্দরে কার্গো ট্রলার থেকে কাঠ আনলোডকালে রোহিঙ্গা ক্যাম্পের কামাল হোসেনের ছেলে জাগির হোসেন (২২) নামে একজন নিহত ও নূর মোহাম্মদের ছেলে মো. জুনু (২৭) আহত হন। আহত জুনুকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, স্থলবন্দরে মিয়ানমার থেকে আসা মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজের মালিকানাধীন আমদানিকৃত কার্গো ট্রলার থেকে কাঠ আনলোডকালে একটি কাঠ সিটকে রোহিঙ্গা শ্রমিকদের উপর পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। তাড়াইল (কিশোরগঞ্জ) কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার পশ্চিম জাওয়ার গ্রামে গতকাল সোমবার গলায় ফাঁস দিয়ে ফেরদৌসা খাতুন (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেন। তাড়াইল থানা পুলিশ লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে তাড়াইল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। দেলদুয়ার (টাঙ্গাইল) দেলদুয়ারে শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে গত রবিবার দুপুরে পানিতে ডুবে অর্ণব (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে। সে বারপাখিয়া গ্রামের রিপন তালুকদারের মেয়ের জামাই। অর্ণবের দেশের বাড়ি বগুড়াতে। জানা যায়, অর্ণব তার ৪ বন্ধুকে নিয়ে ঈদে শ্বশুর বাড়ি বেড়াতে আসে। ঘটনার দিন বাড়ির পাশে লৌহজং নদীতে গোসল করতে গিয়ে সবাই ডুবে যায়। স্থানীয় এলাকাবাসী তিনজনকে জীবিত উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। অর্ণবকে উদ্ধার করে দেলদুয়ার হাসপাতালে নেয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।