ভেড়ামারা উপজেলা পরিষদ সংলগ্ন, পদ্মা ও হিসনা নদীর মোহনা অত্যন্ত মনোরম পরিবেশে ১৯৬৫ সালে বিদ্যোত্সাহী ব্যক্তিবর্গের উদ্যোগে ভেড়ামারা কলেজটি প্রতিষ্ঠিত হয়। অনার্স কলেজটিতে সাধারণ শাখার পাশাপাশি এইচ,এস,সি (বিএম) শিক্ষাক্রমও চালু রয়েছে। কিন্তু গত ৫০ বছরেও ভেড়ামারা কলেজ সরকারিকরণ হয়নি।
দৌলতপুর, ভেড়ামারা ও মিরপুর এই তিন উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত এই কলেজটিতে উচ্চ মাধ্যমিক স্তর থেকে অনার্স পর্যন্ত নিয়মিত ছাত্র-ছাত্রী সংখ্যা প্রায় আড়াই হাজার। প্রতিবছর ফলাফলও সন্তোষজনক। এখানে রয়েছে একটি সমৃদ্ধ লাইব্রেরি, উন্নত বিজ্ঞানাগার এবং কম্পিউটার ল্যাব। অত্র অঞ্চলের ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ সর্বস্তরের জনগণের দীর্ঘদিনের প্রাণের দাবি কলেজটি সরকারিকরণ করা হোক।
ভেড়ামারা কৃতী সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ভেড়ামারা কলেজকে সরকারিকরণের ব্যাপারে অবগত করা হয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রীর সুনজরে আছে। ভেড়ামারা কলেজের সভাপতি, তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেন, কলেজটি সরকারিকরণের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে লিখিত ও মৌখিকভাবে অবগত করা হয়েছে। কলেজটি সরকারিকরণের সার্বিক চেষ্টা করা হচ্ছে।
